এল ক্লাসিকোর কদর্য রূপ
‘এল ক্লাসিকো’ চতুষ্টয়ের চতুর্থটিও হয়ে গেল গতকাল। ফুটবলপ্রেমীরা হয়তো স্বস্তির নিঃশ্বাসও ফেললেন। ‘স্বস্তি’ শব্দটা ইচ্ছে করেই লেখা। ধ্রুপদ কোনো সংগীত বা নাটক শেষ হওয়ার পর আক্ষেপ থাকে, ‘ইস্, এত দ্রুত শেষ হয়ে গেল!’ কিন্তু বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের পরম প্রার্থিত ‘ক্লাসিকো’ এবার ‘ক্লাসিক’ তো হয়ইনি, উল্টো ফুটবলপ্রেমীদের কাছে শঙ্কার উপলক্ষ হয়ে এসেছিল—না জানি আবার কোন অঘটন ঘটে!অথচ ১৮ দিনের ব্যবধানে চার চারটি এল ক্লাসিকো দুয়ারে হাজির হওয়ায় কত উচ্ছ্বাস। সে সবই মিইয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগেই। পাঁচটি হলুদ, দুটি লাল কার্ড আর ৪০টি ফাউলের ম্যাচে ধ্রুপদ কিছু খোঁজা বোকামি। তবে তার পরও দুটি উজ্জ্বল মুহূর্ত ছিল লিওনেল মেসির দুই গোলের সৌজন্যে।কিন্তু এসব ছাপিয়ে গত সাতটা দিনই আলোচনায় দুই দলের খেলোয়াড়দের কদর্য প্রকাশ, মুখের লড়াই ছাপিয়ে যেটি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল। রিয়ালের অভিযোগ সত্য বলে ধরে নিলে ফুটবলে মহা অন্যায় বলে বিবেচিত বর্ণবাদী আচরণও নাকি করেছিল বার্সেলোনা। রিয়াল ডিফেন্ডার মার্সেলোকে ‘মনো মনো’ বলে ডেকেছিলেন বার্সা মিডফিল্ডার সার্জিও বুসকেটস। স্প্যানিশ কথাটার মানে ‘বানর, বানর’। প্রমাণ হিসেবে রিয়াল একটা ফুটেজও হাজির করেছে। এএফপি, রয়টার্স।বুসকেটসসহ বার্সার ছয় খেলোয়াড়ের বিরুদ্ধে নালিশও করেছিল রিয়াল। কিন্তু উয়েফা রিয়ালের সেই আবেদন নাকচ করে দিয়েছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্তই হয়েছে। রিয়ালের সহকারী কোচ আইতর কারাঙ্কা খোলাখুলিই মন্তব্য করেছেন, উয়েফার এই সিদ্ধান্ত দ্বিতীয় লেগেও প্রভাব ফেলবে। বলেছেন, ‘বার্নাব্যুতে কী হয়েছে সেই ছবি সবাই দেখেছে। ফুটবলে সুনির্দিষ্ট কিছু মূল্যবোধ আছে, যেগুলোকে সবাই সম্মান করে, আছে ফেয়ার প্লেও। কিন্তু আগামীকাল (মঙ্গলবার) মাঠে এমন কিছু খেলোয়াড় থাকবে, যারা এই সব মূল্যবোধের পরোয়া করে না।’কারাঙ্কার ইঙ্গিত বার্সেলোনা খেলোয়াড়দের দিকেই। যদিও বার্সা কোচ পেপ গার্দিওলা উড়িয়ে দিচ্ছেন এই দাবি। বলছেন, বার্সেলোনা এমন একটি ক্লাব, যারা তাদের খেলোয়াড়দের মূল্যবোধের শিক্ষা শৈশবেই দিয়ে থাকে, ‘আমার ছেলেরা মাঠে ফুটবল খেলতেই নামে। ওরা পুরোপুরি পেশাদার। আমি ওদের ভালো করেই চিনি।’ সেই চেনাটা নাকি হোসে মরিনহোরও আছে। গার্দিওলা বলছেন, ‘মরিনহো নিজেও বার্সেলোনায় পাঁচ বছর কাটিয়ে গেছেন। তিনি ভালো করেই জানেন এখানে আমাদের শিক্ষাটা হলো: জেতো, লড়াই করো এবং প্রতিপক্ষকে সম্মান দেখিয়েই সম্মান আদায় করে নাও।’বার্সার এই দলটা সেই মূল্যবোধে বিশ্বাসী বলেও মন্তব্য গার্দিওলার, ‘এই দলে ১৪ জন খেলোয়াড় আছে, যারা আমাদের যুব প্রকল্প থেকে উঠে এসেছে। যাদের আমরা সঠিক মূল্যবোধের শিক্ষাই দিয়েছি।’ গার্দিওলা মানছেন, মানবিক ভুল তাঁর খেলোয়াড়েরাও করেন। কিন্তু এ কারণে খেলোয়াড়দের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলাটা অন্যায়। গার্দিওলার দাবি, ‘আমার খেলোয়াড়েরা বার্সা এবং স্পেন দলের জন্যই রোল মডেল।’কালকের ম্যাচের আগে এমন চাপান-উতোর দিয়েই আরও গনগনে পরিস্থিতি তৈরি করা ছিল। শেষ পর্যন্ত ম্যাচে কী ঘটেছে, সেটি তো আপনি হয়তো জেনেই গেছেন।