এল ক্লাসিকোর জন্য মরিয়া পুয়োল
আজ রাতের এল ক্লাসিকোর অংশ হতে মুখিয়ে আছেন বার্সেলোনা অধিনায়ক কার্লোস পুয়োল। চোখের নিম্নাংশের ভাঙা হাড় নিয়ে তিনি খেলতে চাইছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আপাতত তিনি পরিকল্পনা করছেন বিশেষ এক ধরনের মুখোশ পরে রিয়ালের বিপক্ষে মাঠে নামার।বার্সেলোনা কোচ টিটো ভিলানোভার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এল ক্লাসিকোয় পুয়োলের খেলার কথা জানিয়েছে। ভিলানোভা অবশ্য জানিয়েছেন, মঙ্গলবার দলের সঙ্গে পুয়োল অনুশীলন করলেও তিনি রিয়ালের বিপক্ষে খেলবেন কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে।গত রোববার ওসাসুনার বিপক্ষে লা লিগার দ্বিতীয় ম্যাচে চোখের নিম্নাংশের হাড় ভেঙে যায় পুয়োলের। গতকাল অনুশীলনে অবশ্য খুব সতর্কতার সঙ্গে অংশ নিয়েছেন তিনি। তবে রিয়ালের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনি আদৌ খেলতে পারবেন কি না, তা পরিষ্কার নয়। বার্সেলোনা কোচ ভিলানোভা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘পুয়োল ম্যাচটি খেলতে চায়। অনুশীলনে সে খুব সাবধানে অংশ নিয়েছে।’ তিনি বলেন, ‘কাল (আজ বুধবার) পরিস্থিতি বিবেচনায় এনে পুয়োলের ব্যাপারে সিদ্ধান্তে আসব আমরা।’ ভিলানোভা বলেন, চিকিত্সকেরা যদি পুয়োলের খেলার ব্যাপারে কোনো ঝুঁকির আশঙ্কা করেন, তাহলে পুয়োল খেলবেন না। এদিকে, বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ইব্রাহিম অ্যাফেলেকেও এই ম্যাচে পাচ্ছে না বার্সেলোনা। তিনি নিজেই ম্যানেজমেন্টকে এই ম্যাচ থেকে তাঁকে বাদ দিতে বলেছেন। কারণ, আগামী কয়েক দিনের মধ্যে তিনি শুতে যাচ্ছেন শল্যচিকিত্সকের ছুরির নিচে। গত বছর অক্টোবরে হাঁটুতে আঘাত পাওয়া অ্যাফেলে ইনজুরি নিয়েই ইউরোয় হল্যান্ডের জার্সি গায়ে অংশ নিয়েছিলেন। আপাতত এই ইনজুরি থেকে রেহাই পাওয়াটাই লক্ষ্য ইব্রাহিম অ্যাফেলের।আজ রাতে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ন্যু ক্যাম্পে বার্সেলোনা ৩-২ গোলে হারিয়েছে রিয়ালকে। আজকের ম্যাচে সুবিধাজনক অবস্থানে থাকলেও নিজেদের মাঠে রিয়াল নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। রয়টার্স।