এল ক্লাসিকোর মঞ্চ প্রস্তুত!

এই মৌসুমেই বার্নাব্যুতে এসে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ডার্বি ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজয়ের ক্ষতটা সহজে শুকানোর নয়। পরশু ম্যাচে তাই কিছু হিসাব চুকানোরই ছিল। ৩-০ গোলে অ্যাটলেটিকো হারিয়ে রিয়াল সেটা চুকিয়েছে ভালোমতোই।
কোপা ডেল রের সেমিফাইনালের ফিরতি লেগটা বাকি। কিন্তু প্রথম লেগ দিয়েই রিয়াল ফাইনালে এক পা দিয়ে রাখল। অতটা নিশ্চিত না হলেও ফাইনাল দেখতে পাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। রিয়াল সোসিয়েদাদকে বার্সা ২-০ গোলে হারানোর পর এখন আরেকটি ‘এল ক্লাসিকোর’ মঞ্চও প্রস্তুত!
কার্লো আনচেলত্তি এমনিতে খুব উচ্ছ্বাসপ্রবণ নন। পরশুর ম্যাচ দেখে রিয়াল মাদ্রিদ কোচ পর্যন্ত উচ্ছ্বসিত, ‘আমি আগেই বলেছি ওই ম্যাচের পর অনেক কিছু বদলে গেছে। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি গোছানো, অনেক স্থিতিশীল। আমার মনে হয়, এটা এই মৌসুমে আমাদের সেরা ম্যাচ ছিল।’
শারীরিকভাবে শক্তিশালী অ্যাটলেটিকো কঠিন লড়াই উপহার দেবে, এটা রিয়াল জানত। অ্যাটলেটিকো কঠিন লড়াই করেছেও। কিন্তু আনচেলত্তির কৌশলের কাছে মার খেয়েছে ডিয়েগো সিমিওনের কৌশল। মাঝমাঠে দুর্দান্ত খেলেছেন লুকা মডরিচ ও অ্যাঙ্গেল ডি মারিয়া। এঁদের পাশে জন্মদিনের ক্রিস্টিয়ানো রোনালদো একটু মলিনই ছিলেন। রিয়ালের খেলোয়াড়েরা ‘প্ররোচণা’ দিয়ে অ্যাটলেটিকোর খেলাও নষ্ট করেছেন সফলভাবে। অবশ্য অ্যাটলেটিকোর দুর্ভাগ্য, প্রথম ও তৃতীয় গোলটা নিজেদের খেলোয়াড়ের গায়ে লেগে ঢুকে গেছে জালে। মাঝখানের গোলটা তরুণ স্ট্রাইকার হেসে রদ্রিগেজের। সিমিওনে তবুও আশা ছাড়েননি, ‘রিয়াল খুবই ভালো খেলেছে, কিন্তু দুবার ওদের শট আমাদের গায়ে লেগে গোল হয়েছে। এখনো আরও ৯০ মিনিট বাকি। ফুটবলে যেকোনো কিছুই সম্ভব।’
তবে সোসিয়েদাদ-বার্সেলোনার খেলায় যে আত্মঘাতী গোলটা হয়েছে, এমন অদ্ভুত গোল দেখা যায় কালেভদ্রে। সোসিয়েদাদ ডিফেন্ডার জুবিকারাই বলটা ক্লিয়ার করতে গিয়েছিলেন। সেটা হাস্যকরভাবে গোলরক্ষকের গায়ে লেগে ঢুকে যায় জালে। আগেই অবশ্য ‘ঘটনা’ ঘটে গেছে। বুসকেটসের গোলের পর প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেছেন সোসিয়েদাদের ইনিগো মার্টিনেজ। এএফপি।