এল ক্লাসিকোর মঞ্চ প্রস্তুত
আগামীকালের এল ক্লাসিকোর জন্য দুই দলের পোশাকি মহড়াটা এর চেয়ে ভালো আর হতে পারত না। একই দিনে রিয়াল মাদ্রিদ আগের ম্যাচে গেটাফেকে উড়িয়ে দিল ৪ গোলে। পরের ম্যাচে বার্সেলোনা ওসাসুনাকে ছিঁড়েখুঁড়ে জিতল ৫-১ গোলে। রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন ৩ গোল। বার্সেলোনার নায়ক লিওনেল মেসি করলেন ৪ গোল। আরেকটি মহাকাব্যিক ‘এল ক্লাসিকো’ দেখার আশা তো করাই যায়! আগামীকাল কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগ হবে বার্নাব্যুতে। রোনালদো মনে করেন, ঘরের মাঠের সুবিধা নিয়ে এগিয়ে যাবে রিয়াল, ‘আমরা নিজেদের স্টেডিয়ামে খেলব। এটা পরের লেগে এগিয়ে থাকার জন্য আমাদের জন্য ভালো একটা সুযোগ।’ লা লিগায় শিরোপাস্বপ্ন এখন দূরের বাতিঘর। তাই কোপা ডেল রের শিরোপাটা হাতছাড়া করতে চায় না রিয়াল মাদ্রিদ। কিন্তু পর্তুগিজ উইঙ্গার জানেন বার্সেলোনা কত বড় একটা বাধা, ‘এটা আসলেই গুরুত্বপূর্ণ ও কঠিন একটা খেলা। আমরা বিশ্বের সবচেয়ে কঠিন দলগুলোর একটির সঙ্গে খেলতে যাচ্ছি।’ রিয়ালের জন্য সেমিফাইনালটা অগ্নিপরীক্ষা হয়ে উঠছে গুরুত্বপূর্ণ কয়েক খেলোয়াড়ের চোটের কারণে। চোট পেপেকে বাইরে রেখেছে আগে থেকেই, সেদিন বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে যাওয়ায় অধিনায়ক ও গোলবারের চিরবিশ্বস্ত প্রহরী ইকার ক্যাসিয়াস বাইরে চলে গেলেন প্রায় তিন মাসের জন্য। লাল কার্ডের জন্য সার্জিও রামোস, অ্যাঙ্গেল ডি মারিয়া ও ফ্যাবিও কোয়েন্ত্রাও খেলতে পারবেন না। রোনালদো সমস্যাটা জানেন। তবে এঁদের বাদ দিয়েই জয় দেখেন রোনালদো, ‘আমরা কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মিস করব, কিন্তু সেটা কোনো অজুহাত হতে পারে না।’ এল ক্লাসিকোর কথাবার্তায় নিজের ৩০০ গোলের রেকর্ডটা পড়ে গিয়েছিল পেছনে। কিন্তু ওটা নিয়ে কি কথা না বলে পারেন? ‘এটা করতে পারা দারুণ। আমি খুশি। কিন্তু আমার কাজ হলো, যা করছি সেটা করে যাওয়া ও ক্লাবের হয়ে সেরাটা ঢেলে দেওয়া’—‘আমিত্ব’ বাদ দিয়ে রোনালদো এখানে দলের!এল ক্লাসিকোর ঝনঝনানির ফাঁকে ওসাসুনাকে হালকাভাবে নেওয়ার ভুল করেনি বার্সা। মেসির সন্তুষ্টিটা সেখানেই, ‘এই ম্যাচটা ভালোভাবে পার করাটা গুরুত্বপূর্ণ ছিল। যখন চারদিকে ক্লাসিকো নিয়ে এত কথা হচ্ছে, তখন কাজটা সহজ ছিল না।’ বার্সেলোনা ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো মানেন রিয়ালের মুখোমুখি হওয়ার জন্য এর চেয়ে ভালো সময় হতে পারত না, ‘এটাই মাদ্রিদের মুখোমুখি হওয়ার সেরা সময়। দুই দল কেমন খেলছে সেটা যদি বিবেচনা না-ও করি, তার পরও বলতে হবে এটা হতে যাচ্ছে দারুণ একটা খেলা।’ ওয়েবসাইট।