এল ক্লাসিকোর শেষ মহড়া
নাটক সরাসরি মঞ্চস্থ হয় না। মূল নাটকের আগে অনেকগুলো মহড়া হয়। এরপর হয় শেষ মহড়া। তারই আসল মঞ্চায়ন। আজ সেই শেষ মহড়া, এর পরই এল ক্লাসিকো নামের মহারণের মহানাটক! স্পোর্টিং গিজনের সঙ্গে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ, নিজেদের মাঠে বার্সেলোনা খেলবে লেভান্তের সঙ্গে। স্প্যানিশ লিগে পরের ম্যাচটাই রিয়াল বনাম বার্সা!মুখে দুই দলই বলছে, এল ক্লাসিকোর ভাবনা মাথা থেকে তাড়িয়েই এই ম্যাচে মাঠে নামতে তারা। কিন্তু না থেকেও থাকবে এল ক্লাসিকোর ছায়া। এই ম্যাচে দুই দলের জন্যই ভালো করা জরুরি। কারণ মহারণের জন্য আত্মবিশ্বাসের বাড়তি রসদ মিলবে তাতে। কোনো একটা দল অপ্রত্যাশিত ফল করা মানেই পরের ম্যাচে বাড়তি মানসিক চাপ।অবশ্য ‘অপ্রত্যাশিত ফল’ হওয়ার সম্ভাবনা রিয়ালের জন্য তেমন নেই। প্রতিপক্ষ স্পোর্টিং গিজন ১৩ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে অবনমন অঞ্চলে মুখ থুবড়ে পড়ে আছে। লেভান্তের হিসাবটা অন্য। রিয়াল-বার্সা দুই দলকে চমকে দিয়ে নবম রাউন্ড শেষেও পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল লেভান্তেই। এর পর টানা তিনটা পরাজয় দিয়ে পা হড়কে ফেলা। অবশ্য গত ম্যাচে স্পোর্টিং গিজনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বার্সা-পরীক্ষার প্রস্তুতি ভালোমতোই সেরে রেখেছে লেভান্তে।স্বাভাবিকভাবেই রিয়াল চাইবে গিজনকে উড়িয়ে দিয়ে বার্সাকে একটা সতর্কবার্তা পাঠাতে। টানা ১৩ ম্যাচ ধরে অপরাজিত রিয়াল আসলেই ছুটছে সুপারসনিক গতিতে। রিয়ালের এই সাফল্যের পেছনে আছে আক্রমণভাগের দুর্দান্ত ফর্ম। লিগে এরই মধ্যে ১৬ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুয়েইন করেছেন ১২টি, করিম বেনজেমা ৯টি। জাবি আলোনসোও মানছেন, ‘দল এক ধাপ এগিয়ে থাকায় আমরা খুশি। আমরা আসলেই উন্নতি করছি। দলও খেলছে দারুণ। আর এখনই থামার কোনো ইচ্ছা আমাদের নেই। কারণ মৌসুম শেষ হতে এখনো অনেক বাকি।’রিয়ালের মিডফিল্ডার অবশ্য দাবি করছেন, এল ক্লাসিকো নিয়ে কোনো ভাবনা এই ম্যাচে কাজ করবে না, ‘স্পোর্টিংয়ের ব্যাপারে আমার যথেষ্ট সমীহ আছে। ওদের মাঠে ৩ পয়েন্ট পাওয়া বার্সার বিপক্ষে পয়েন্ট পাওয়ার সমান। এল ক্লাসিকো নিয়ে এখনই আমরা ভাবছি না। অবশ্য বুঝতে পারছি, বাকিরা সবাই এখনই এ নিয়ে উত্তেজিত হয়ে পড়েছে। যখন ওই ম্যাচ আসবে, তখন কোচ রণনীতি ঠিক করবেন। তবে আগে আমাদের স্পোর্টিংয়ের মুখোমুখি হতে হবে।’বার্সার চেয়ে রিয়াল ৩ পয়েন্টে এগিয়ে আছে। যদিও একটা ম্যাচ বেশি খেলেছে বার্সা। ফলে আসলেই দারুণ সুবিধাজনক অবস্থানে রিয়াল। যদিও দলের অধিনায়ক ইকার ক্যাসিয়াস সতীর্থদের সাবধানই করে দিলেন, ‘এখনই বেশি দূর ভাবলে চলবে না। আমাদের একটা করে ম্যাচ ধরে এগোতে হবে।’ এএফপি, ওয়েবসাইট।