এবারের লা লিগার প্রথম এল ক্লাসিকো। ভেন্যু, লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্প। প্রায় এক লাখ দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ গ্যালারি। স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ ছিল আকাশছোঁয়া। পুরো সময় খেলাও হলো চরম উত্তেজনার মধ্য দিয়ে। তবে গতকাল রাতে শেষ পর্যন্ত জয় পায়নি বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ কোনো দলই।লিগের প্রথম এল ক্লাসিকো ২-২ গোলে ড্র। দুই দলের দুই প্রাণভোমরা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো সমানতালে লড়েছেন। গোটা খেলায় হওয়া চারটি গোলই তাঁদের। বার্সার হয়ে মেসির দুটি আর রিয়ালের হয়ে রোনালদোর দুটি।শুধু এই ম্যাচেই নয়, গোলসংখ্যার দিক থেকে লিগেও একই সমতলে রোনালদো ও মেসি। দুজনের ঝুলিতে এখন পর্যন্ত ৮টি করে গোল। অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়েরও তা-ই।খেলার প্রথম গোলটি ক্রিস্টিয়ানো রোনালদোর। ২৩ মিনিটে করিম বেনজেমার পাস থেকে বাঁ বায়ের নিখুঁত শটে পর্তুগিজ উইঙ্গার বল জড়ান বার্সার জালে। এর আট মিনিট পরই বার্সাকে সমতায় ফেরান লিওনেল মেসি।আর্জেন্টাইন সুপারস্টার শুধু সমতায়ই ফেরাননি, দলকে এগিয়েও দেন দ্বিতীয়ার্ধে। ৬১ মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রি কিকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন মেসি। কিন্তু এর পাঁচ মিনিট পরই বার্সাকে আবারও রোনালদোর আঘাত। ম্যাচে সমতা আবারও। মরিয়া হয়ে খেললেও খেলার বাকি সময়ে গোল পায়নি কোনো দলই।গতকালের ম্যাচে বার্সা জয় পেলে শিরোপার লড়াইয়ে নিজেদের শীর্ষস্থানটা আরও মজবুত হতো। রিয়ালের চেয়ে এগিয়ে থাকত ১১ পয়েন্টে। অন্যদিকে, রিয়াল জয় পেলে পয়েন্টের ব্যবধানটা আট থেকে পাঁচ-এ কমিয়ে আনতে পারত। তবে শেষ অবধি সেটা আর হয়নি।সাত ম্যাচে ছয় জয়, এক ড্র। শীর্ষে থাকা বার্সার অর্জন ১৯ পয়েন্ট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে রিয়ালের জয় মাত্র তিনটি ম্যাচে। ড্র দুটিতে। অর্জন ১১ পয়েন্ট। আগের মতো এখন পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের চেয়ে আট পয়েন্টে পিছিয়ে গত মৌসুমের শিরোপাজয়ী রিয়াল। রয়টার্স।