বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ শুরু রাত ১১-৪৫ মিনিটে সরাসরি দেখাবে স্টার স্পোর্টস
এল ক্লাসিকোয় রাজনীতির আগুন
গতবার লিগের শেষ দিকে মহা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এল ক্লাসিকো দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে কয়েক শ ব্যক্তিগত বিমান উড়ে গিয়েছিল স্পেনে। লিগের দ্বিতীয় এল ক্লাসিকোটি সাধারণত হয় মৌসুমের শেষে। যে সময় এল ক্লাসিকোর ৩ পয়েন্ট শিরোপানির্ধারকের ভূমিকা নেয়। সেই দিক দিয়ে প্রথম এল ক্লাসিকোতে উত্তেজনা থাকে কম।কিন্তু এবারের অঙ্কটা অন্য রকম। এবার লিগের প্রথম এল ক্লাসিকোই হয়ে উঠেছে মহা গুরুত্বপূর্ণ। এবারও নিশ্চয়ই অনেকেই ছুটে যাবেন ম্যাচটি দেখতে। অনেকের চোখে আজকের ম্যাচটাই হয়ে উঠবে লিগের শিরোপানির্ধারক!মাত্রই সপ্তম ম্যাচ। লিগে আরও ৩১টি ম্যাচ বাকি। কিন্তু বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধান এখনই ৮। আজ রিয়াল হেরে গেলে ব্যবধান হবে ১১। গত ১৩টি মৌসুমে শিরোপা নির্ধারিত হয়েছে সর্বোচ্চ ৯ পয়েন্টের ব্যবধানে। এর মধ্যে দুই-তিন-চার-পাঁচ পয়েন্টের ব্যবধানে শিরোপা নির্ধারিত হয়েছে ছয়বার। ২০০৬-০৭ মৌসুমে তো রিয়াল-বার্সার পয়েন্ট হয়ে গিয়েছিল সমান। দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসাবে শিরোপা জিতেছিল রিয়াল!হোসে মরিনহো অবশ্য দাবি করেছেন, এটা শুধুই ৩ পয়েন্টের একটা ম্যাচ। এর বেশি কিছু নয়। কিন্তু মরিনহোর মনের কথা এটি হতে পারে না। শিরোপার হিসাব বাদই দিন। রিয়াল-বার্সা মুখোমুখি হলে অবধারিতভাবে চলে আসে ইতিহাস। রাজা বনাম প্রজার লড়াই। শোষক আর শোষিতের সংগ্রাম।এবার আরও বেশি করে আসছে। কারণ পুরো কাতালান রাজ্যই স্বাধিকারের দাবিতে উত্তাল। গত ১১ সেপ্টেম্বরের লা দিয়াদা জাতীয় দিবসে জনতার মিছিলে উঠেছে স্বাধীনতার স্লোগান। বার্সার সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা উসকে দিয়েছেন সেই আগুন। এখন পুরোদস্তুর রাজনীতিবিদ লাপোর্তা বলেছেন, ‘স্বাধীনতা আমাদের অধিকার। এখন আর এ নিয়ে কোনো প্রশ্ন নয়। সময় এসেছে গণতান্ত্রিক উপায়ে একটা উদ্যোগ নেওয়ার।’ন্যু ক্যাম্পের আজকের ম্যাচটা তাই রাজনীতির আগুন ছড়াচ্ছে। ১৭১৪ সালে স্প্যানিশ সম্রাট পঞ্চম ফিলিপের সঙ্গে কাতালান বাহিনীর লড়াইয়ের সেই স্মৃতি স্মরণে আজকের ম্যাচের ১৭ মিনিট ১৪ সেকেন্ড সময়ে বার্সা সমর্থকেরা বিশেষ স্লোগান দেওয়ার পরিকল্পনা করছে। টিটো ভিলানোভা অবশ্য রাজনীতির আঁচ থেকে দলকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করছেন। এই ম্যাচ শিরোপানির্ধারক হয়ে উঠবে—এই তত্ত্বে সায়ও দেননি। তবে ম্যাচটির গুরুত্বকে অস্বীকার করতে পারেননি। টানা ছয়টি ম্যাচ জিতেছে বার্সা। ভিলানোভার সামনে টানা সপ্তম ম্যাচ জিতে অনন্য রেকর্ড ছোঁয়ার হাতছানি। যদিও বার্সা কোচকে ভাবাচ্ছে দলের রক্ষণ। সুপার কাপের ফিরতি এল ক্লাসিকোতে পুয়োলের অনুপস্থিতি ভীষণ ভুগিয়েছে বার্সাকে। বার্সার অধিনায়ক নেই আজও। থাকবেন না আরেক ভরসা পিকেও। ডিফেন্সিভ মিডফিল্ডার সং আর মাচেরানোকে দিয়ে কাজ সারতে হবে। আলভেস আর আলবা দুই ফুলব্যাক।ইনিয়েস্তা ফিট। ফলে মেসি সুযোগ পাচ্ছেন ওপরে উঠে খেলার। গত তিন ম্যাচে নিচে নেমে খেলেছেন বলে গোলের দেখা পাননি। অবশ্য ভাগ্যও পাশে ছিল না। আর তিন ম্যাচে ৭ গোল করে মেসিকে নিশ্চয়ই খেপিয়ে তুলেছেন রোনালদো! রিয়াল-বার্সার মোড়কে এই ম্যাচ শেষ পর্যন্ত এখনকার বর্তমান পৃথিবীর দুই মহাতারকারও। ওয়েবসাইট।