এল পিপিতার আবার হ্যাটট্রিক
খুব একটা সুযোগ পাচ্ছিলেন না। করিম বেনজেমাই যে হোসে মরিনহোর প্রথম পছন্দ। এই মৌসুমে তাই একটা ম্যাচেই সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে নামার। সেটাও বেনজেমা ইনজুরির কারণে খেলতে পারেননি বলেই। আর সুযোগ পেয়েই এসপানিওলের বিপক্ষে লা লিগার সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক করেছেন গঞ্জালো হিগুয়েইন। পরের ম্যাচেই হ্যাটট্রিক আবার। এটি কিন্তু জার্সি পাল্টে জাতীয় দলের হয়ে! টানা দুই ম্যাচেই দুর্ধর্ষ ‘এল পিপিতা’।হিগুয়েইনের হ্যাটট্রিকের সঙ্গে জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৬ ম্যাচ পর লিওনেল মেসির গোল। এই দুইয়ের যোগফল বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার শুভসূচনা। নিজেদের মাঠে চিলিকে তারা হারিয়েছে ৪-১ গোলে। প্রতিপক্ষের জালে ৪ গোল জড়িয়েছে উরুগুয়েও। অবশ্য দুটো গোল শোধও করে দিয়েছে বলিভিয়া। ৪-২ গোলের এই জয়ে গোলের দেখা পাননি ডিয়েগো ফোরলান।হেক্টর স্ক্যারোনকে ছাপিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে আর একটা গোল হলেই চলে ফোরলানের। তিনি না পারলেও আরেক ডিয়েগো—অধিনায়ক ডিয়েগো লুগানো করেছেন জোড়া গোল। অন্য দুটি গোল লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির।অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। সমান ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়েছে পেরু। প্যারাগুয়ের মতো বড় দলকে পেরুর হারিয়ে দেওয়াটা বড় খবর। যদিও নিজেদের মাঠে, সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় পেরু মাঝেমধ্যেই ভড়কে দেয় বড় দলগুলোকে। গতবারই নিজেদের মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের সঙ্গে ড্র করেছিল শক্তির দিক দিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে একেবারেই তলানিতে পড়ে থাকা পুঁচকে দলটি।জাতীয় দলের কোচ হওয়ার পর এটি ছিল আলেসান্দ্রো সাবেলার পঞ্চম ম্যাচ। যদিও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ এটাই প্রথম। সেদিক দিয়েও শুভ অভিষেক হলো সাবেলার। অষ্টম মিনিটে প্রথম গোলটি করেন সার্জিও আগুয়েরোর চোটের কারণে প্রথম একাদশে সুযোগ পাওয়া হিগুয়েইন। পরে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে ৫২ ও ৬৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে হোসে মরিনহোর কাছেও একটা বার্তা পাঠিয়ে দেন। শুধু তা-ই নয়, ২৬ মিনিটে মেসির করা গোলটিও তাঁর বানিয়ে দেওয়া।জাতীয় দলের হয়ে মেসি সর্বশেষ গোল করেছিলেন গত বাছাইপর্বে, ভেনেজুয়েলার বিপক্ষে। সেটাও ২০০৯-এর মার্চের ঘটনা। জাতীয় দলের হয়ে ৬৩তম ম্যাচে এটি তাঁর ১৮ নম্বর গোল। আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা থাকবে, সংখ্যাটি সামনের দিনগুলোয় আরও বাড়িয়ে নেবেন মেসি। এই ম্যাচে দারুণ খেলেছেন অ্যাঙ্গেল ডি মারিয়াও। হিগুয়েইনের দুটি গোলে আছে তাঁর প্রত্যক্ষ অবদান।এমন একটা শুরু যেকোনো কোচেরই পরম প্রার্থিত। স্বাভাবিকভাবেই সাবেলা তাই তৃপ্ত। তবে ম্যাচের নায়ক হিগুয়েইন মনে করিয়ে দিলেন, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব একটা লম্বা ম্যারাথন। আরও ১৫টি ম্যাচ বাকি! ‘ঠিকভাবে শুরু করাটা সব সময়ই গুরুত্বপূর্ণ। তবে মাত্রই শুরু। আমরা এই ফলাফলে খুশি। সমর্থকেরাও নিশ্চয়ই খুশি। বাছাইপর্বের শুরুতে এমন জয় বাড়তি আত্মবিশ্বাস এনে দেয়। আমরা নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট। এখন এটাই সামনের দিনগুলোয়ও ধরে রাখতে হবে’—ম্যাচ শেষে বলেছেন ‘এল পিপিতা’।এই মঙ্গলবারেই বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে যাবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ এবার ভেনেজুয়েলা। এএফপি, রয়টার্স।