এল লোকো এখন প্রমিথিউস!
মার্সেলো বিয়েলসাকে আর্জেন্টাইনরা ভালোবেসে ডাকে ‘এল লোকো’ বলে। মানে কিনা, যিনি একটু পাগলাটে। তবে খ্যাপাটে বিয়েলসাকেই কিন্তু চিলির মানুষ এখন অন্য নামে ডাকছে—ত্রাণকর্তা! এই বিয়েলসা নামের পরশপাথরের ছোঁয়ায় চিলি যে বদলে যাওয়া একটা দল। এই বিয়েলসার হাত ধরেই যে দক্ষিণ আমেরিকান দেশটি এক যুগ পর খেলতে যাচ্ছে বিশ্বকাপে!কী করেছেন বিয়েলসা? ২০০৭ সালে চিলি দলটার দায়িত্ব নেওয়ার পরই বড় একটা স্বপ্নের বীজ বুনেছেন। এরপর সেই বীজটাতেই রোজ ঢেলেছেন বাস্তবতার জল। চিলি দলটার দায়িত্ব নেওয়ার পর তাঁর মনে হয়েছিল, দলটা যেন বহুদিন অনাদর-অযত্নে ফেলে রাখা একটা ফ্রেমে বন্দী ছবি। ধুলোর আস্তরণের জন্য আসল ছবিটা চেনাই যায় না। কিন্তু একটু ঝাড়পোছ করলে সবই ঠিকঠাক।বিয়েলসা দলে তারুণ্যের জয়গান গেয়েছেন। চিলির বিশ্বকাপ দলটাতে তাই ১৯-২০-২১ বছর বয়সীদের আধিপত্যই দেখা যাবে। গড় বয়সে সবচেয়ে তরুণ দল হবে বিয়েলসার এই চিলিই। যারা আগামীর জন্য সম্ভাবনার সুর বাজিয়ে যাচ্ছে তো বটেই, চমকে দিতে প্রস্তুত এই আসরেও।তাঁর হাত ধরেই আত্মবিশ্বাসের ডানায় উড়ে চলেছেন ২১ বছর বয়সী স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ। উদিনেসের হয়ে ইতালির ‘সিরি আ’তে খেলা এই উইঙ্গার লিগে সর্বশেষ ৫ ম্যাচে করেছেন চার গোল! আক্ষরিক অর্থেই এই তরুণদের বিয়েলসা তুলে এনেছেন পথ থেকে।তরুণদের প্রবল স্রোতেও কিন্তু দলের অভিজ্ঞতা ভেসে যায়নি পুরোটাই। রদ্রিগো টেল্লো যেমন। ২০০০ অলিম্পিকে ব্রোঞ্জ জেতা এই ৩০ বছর বয়সীকেও দলে রেখেছেন আর্জেন্টাইন কোচ। গত নভেম্বরে ইউরোপ-জুড়ে উচ্চারিত হচ্ছিল টেল্লোর নাম। বেসিকতাসের এই মিডফিল্ডারের গোলেই যে থেমে গিয়েছিল চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের নিজেদের মাঠে অপরাজিত থাকার ২৩ ম্যাচের রেকর্ড।সেই টেল্লো বলছেন, অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া চিলির মূল শক্তি কোথায়, ‘আমাদের অনেক খেলোয়াড় আছে, যাদের ক্ষুধা অফুরান। একসময় রাস্তায় ওরা যেভাবে খেলত, ঠিক সেভাবেই ওরা খেলতে চায় বিশ্ব মঞ্চেও।’এই মন্ত্র বিয়েলসারই দেওয়া। দলের খেলোয়াড়দের একটা কথাই তিনি বুঝিয়েছেন, ‘ব্রাজিলের হলুদ জার্সি দেখেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কাকা আর তোমার পার্থক্য খুব একটা বেশি নয়।’ ফুটবলটা চিলির এই খেলোয়াড়দের জন্য এখনো পথে খেলার মতোই বিনোদনের উৎস। তাই টিম বাসে হরদম মজা হয়। চলে উচ্চস্বরে গান—রেগে, লাতিন আর স্প্যানিশ সুরের মিশেল দিয়ে তৈরি ‘রেগেটন মিউজিক’।টেল্লো জানালেন, ‘আমাদের দলটা তরুণ। কিন্তু কোচ আমাদের মানসিকতা পুরোপুরি পাল্টে দিয়েছেন। বাছাইপর্বে আমরা দুর্দান্ত খেলেছি (ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবেই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে উঠে গিয়েছিল চিলি)। এখন মূল আসরে মানুষ আমাদের কাছ থেকে ভালো কিছু আশা করতেই পারে। বিয়েলসা চিলিকে আগাগোড়াই পাল্টে দিয়েছেন।’‘এল লোকো’ এখন বুঝি ‘প্রমিথিউস’! রয়টার্স।