এলগার-বাধায় আটকে গিয়ে অবশেষে জোহানেসবার্গে ভারতের হার
ভারত এ টেস্ট শুরু করেছিল জোহানেসবার্গে কখনোই না হারার রেকর্ড ও প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের হাতছানি সঙ্গী করে। ম্যাচের আগেই ছিটকে গেলেন বিরাট কোহলি। ২০২ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেলেও শার্দুল ঠাকুরের দুর্দান্ত বোলিং ভারতকে লড়াইয়ে রেখেছিল দারুণভাবে। তবে চতুর্থ ইনিংসে বাধা হয়ে দাঁড়ালেন ডিন এলগার। শতক না পেলেও ৯৬ রানের অপরাজিত ইনিংসে ৭ উইকেটের জয় নিশ্চিত করলেন প্রোটিয়া অধিনায়ক। কেপটাউনে ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া ম্যাচটি তাই এখন সিরিজ নির্ধারণী।
চতুর্থ ইনিংসে ভারতের বিপক্ষে ২০০-এর বেশি রান তাড়া করে জেতার এটি ষষ্ঠ ঘটনা। সর্বশেষ ২০০৭ সালে জিতেছিল দক্ষিণ আফ্রিকাই, কেপটাউনে। সেবারও জয় নিশ্চিত হয়েছিল ৬ জানুয়ারিতেই।
আজ চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১২২ রান, ভারতের ৮ উইকেট—ছিল রোমাঞ্চের আভাস। তবে জোহানেসবার্গে বেরসিক বৃষ্টি দিনের প্রথম দুই সেশন শুধু অপেক্ষায় রাখল দুই দলকে। চা-বিরতির পর অবশেষে শুরু হলো খেলা, তবে এলগারকে আটকাতে পারল না ভারত। উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না মোটেও, তবে এলগার পথ দেখালেন দারুণভাবে। ২৪০ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেল ৬৭.৪ ওভারের মধ্যেই, চতুর্থ দিন যথেষ্ট হলো এক সেশনই।
আজ দিনের চতুর্থ ওভারে অর্ধশতক পূর্ণ করেন আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকা এলগার। প্রথম ঘণ্টায় ব্রেকথ্রু পায়নি ভারত। প্রথম সাফল্যের দেখা পেতে দিনের ১৪তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। মোহাম্মদ শামির বলে ৪০ রান করা রেসি ফন ডার ডুসেন উইকেটের পেছনে ক্যাচ দিলে ভাঙে এলগারের সঙ্গে তাঁর ৮২ রানের জুটি।
বাভুমা অবশ্য ফিরতে পারতেন শূন্য রানেই। ফিরতি ক্যাচ দিলেও সেটা ঠিকঠাক নিতে পারেননি শার্দুল ঠাকুরকে। বাভুমা এরপর আর সুযোগ দেননি ভারতীয়দের, বাকিটা সময় হতাশ হতে হয়েছে সফরকারীদের। এলগার ৯৬ রান করতে খেলেছেন ১৮৮ বল, মেরেছেন ১০টি চার। ২৩ রানের অপরাজিত ইনিংসে বাভুমা মেরেছেন ৩টি চার।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু ১১ জানুয়ারি, কেপটাউনে।