এলগারে উদ্ধার প্রোটিয়াদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলে ফিরেই খেলেছেন ৮৩ রানের এক ইনিংস। শুরুর বিপর্যয় থেকে কাল ডিন এলগারই টেনে তুলেছেন দক্ষিণ আফ্রিকাকে ।  এএফপি
দলে ফিরেই খেলেছেন ৮৩ রানের এক ইনিংস। শুরুর বিপর্যয় থেকে কাল ডিন এলগারই টেনে তুলেছেন দক্ষিণ আফ্রিকাকে । এএফপি

প্রথম দুঃসংবাদটা পেয়েছিলেন তিন দিন আগে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাঁকে চুক্তি থেকে বাদ দিয়েছে। পরের দিন ডেকে নিয়ে বলা হলো, পোর্ট এলিজাবেথে আলভিরো পিটারসেন খেলতে পারছেন না। সুতরাং তাঁকে খেলতে হবে এবং গ্রায়েম স্মিথের সঙ্গে ইনিংস ওপেনও করতে হবে।
মিচেল জনসনের চেহারাটা যদি মনের পর্দায় ভেসে থাকে, ডিন এলগারের কাছে তখন হয়তো পরেরটাও দুঃসংবাদের মতোই লেগেছিল। আর প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। ১৪ মাস আগে পার্থে এই দলটার সঙ্গেই অভিষেকে ‘জোড়া শূন্য’ করেছিলেন এলগার। কাল পোর্ট এলিজাবেথেও প্রথম রানটা করতে তাঁর লাগল ৪৩ মিনিট, খেলতে হলো ২০ বল। হ্যারিস-জনসনের জোড়া আঘাতে ততক্ষণে প্যাভিলিয়নে ঠিকানা হয়েছে স্মিথ আর হাশিম আমলার। প্রত্যাবর্তনেই এমন পরিস্থিতিতে পড়তে হবে এটা কি দূরতম কল্পনাতেও ছিল এলগারের?
দিন শেষে স্কোরবোর্ডের দিকে তাকিয়ে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক যদি কাউকে ধন্যবাদ দিতে চান, সেটা পাওনা একমাত্র এলগারের। শুরুর সেই ধাক্কাটা সামলে প্রথমে ফ্যাফ ডু প্লেসিসের সঙ্গে ১১২ ও পরে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার। নাথান লায়নের বলে হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে যখন ফিরে যাচ্ছেন, তাঁর নামের পাশেও ৮৩। তাঁর বিদায়ের পর কুইন্টন ডি কককেও হারিয়ে দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ২১৪। ৫১ রানে ব্যাট করছেন ডি ভিলিয়ার্স। শেষ দিকে আবার জোড়া আঘাতটা না পেলে দিন শেষে স্মিথের দলের হাসিটাই বেশি চওড়া থাকত। সারা দিনে জনসনকে একটার বেশি উইকেট না দেওয়া তো এখন কৃতিত্বের ব্যাপারই! টেন ক্রিকেট, ওয়েবসাইট।