এলগারের পর শ্রীলঙ্কার ফেরা

সাধের গোঁফটা তাহলে কেটেই ফেলতে হচ্ছে প্রসন্ন আগোরামকে! ভারতীয় এই ভদ্রলোক দক্ষিণ আফ্রিকা দলের কম্পিউটার অ্যানালিস্ট। ম্যাচের আগে ডিন এলগারের সঙ্গে বাজি ধরেছিলেন, এলগার সেঞ্চুরি করলে কেটে ফেলবেন গোঁফ। সেঞ্চুরির পর মাঠ থেকেই ড্রেসিংরুমে ইশারা দিয়ে সেটি মনে করিয়ে দিলেন এলগার, ‘কাঁচি চালাও গোঁফে!’
তবে ওটুকু উদ্যাপনের স্রেফ একটা অংশ। এলগারের সেঞ্চুরি উদ্যাপনের গোটা পর্বটাই ছিল দেখার মতো। ৯৬ থেকে ডাউন দ্য উইকেট এসে দিলরুয়ান পেরেরাকে উড়িয়ে মারলেন, বল বাতাসে থাকতেই বুঝে গেলেন পেরিয়ে যাবে সীমানা। চিৎকারে প্রকম্পিত যেন পুরো গল ফোর্ট, শূন্যে ছুড়লেন দুহাত, লাফিয়ে ছুঁতে চাইলেন আকাশ। কম্পিউটার অ্যানালিস্টের সঙ্গে ওই ছোট্ট বাজিই শুধু নয়, এলগার যে জিতেছেন আরও বড় বাজি! জিতেছেন একটা চ্যালেঞ্জে, গ্রায়েম স্মিথের জায়গাটা নিজের করে নেওয়ার লড়াইয়েও এল জয়!
২০১২ সালের নভেম্বরে টেস্ট অভিষেক, ব্যাটিংয়ের সুযোগ মিলছিল কেবল ছয়-সাতে। কিন্তু তাঁর প্রিয় পজিশন ওপেনিং। স্মিথ অবসরের পর ফাঁকা হয়েছে সেই জায়গা। সেখানে প্রথম সুযোগেই দারুণ এক সেঞ্চুরি। আগের ৯ টেস্টের একটিতে ওপেন করার সুযোগ হয়েছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে ছিল ৮৩ রানের এক ইনিংস। স্মিথের জায়গাটা পাকাপাকিভাবে জয় করার দাবি নিয়েই এগোচ্ছেন ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।
এলগারের সঙ্গে ফাফ ডু প্লেসির ব্যাটিংয়ে গল টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নেওয়ার পথেই এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। চা-বিরতিতে রান ছিল ১ উইকেটে ১৯৪। শেষ সেশনে ৪ উইকেট নিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ২৬৮, প্রথম দুই সেশনে দক্ষিণ আফ্রিকা অনেকটা এগিয়ে থাকার পরও দিন শেষে এগিয়ে রাখা যাচ্ছে না কোনো দলকে।
স্মিথ-যুগের পর প্রথম টেস্ট, টস জিতে অভিষেক অধিনায়ক হাশিম আমলার। দুই ওপেনারও দারুণ শুরু এনে দেন প্রোটিয়াদের। গলের উইকেট বরাবরের মতোই প্রথমদিকে ব্যাটিং-স্বর্গ, পরে হয়তো তা রূপ নিতে পারে স্পিন-স্বর্গে। ৭০ রানের উদ্বোধনী জুটি ভাঙে পেরেরার নিরীহ এক বলে। সোজা বলে ক্রস খেলতে গিয়ে এলবিডব্লু পিটারসেন। চা-বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার সাফল্য ওই একটিই।
প্রথমবার তিনে খেলতে নামা ডু প্লেসিকে নিয়ে ১২৫ রানের জুটি গড়েন এলগার। তাঁর সাড়ে তিন ঘণ্টার ইনিংস শেষ হয়েছে স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে। প্রাপ্য সেঞ্চুরিটা হাতছাড়া করেছেন ডু প্লেসি, উইকেট ছুড়ে এসেছেন আমলা। সব মিলিয়ে প্রথম দিন শেষে সমতা। তথ্যসূত্র: টেন ক্রিকেট, ক্রিকইনফো।
স্কোরকার্ড
টস: দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস
রান বল ৪ ৬
পিটারসেন এলবিডব্লু ব পেরেরা ৩৪ ৪৬ ৪ ০
এলগার ক চান্ডিমাল ব লাকমল ১০৩ ১৮৭ ১১ ৩
ডু প্লেসি ক সিলভা ব পেরেরা ৮০ ১৯৬ ৫ ১
আমলা ক পেরেরা ব হেরাথ ১১ ৩৬ ১ ০
ডি ভিলিয়ার্স ব লাকমল ২১ ৪৮ ৪ ০
ডি কক ব্যাটিং ১৭ ৩৩ ১ ০
স্টেইন ব্যাটিং ০ ০ ০ ০
অতিরিক্ত (লেবা ২) ২
মোট (৯১ ওভারে, ৫ উইকেটে) ২৬৮
উইকেট পতন: ১-৭০, ২-১৯৫, ৩-২২০, ৪-২৪৬, ৫-২৬৬।
বোলিং: লাকমল ১৬-৬-২৯-২, ইরাঙ্গা ৯-৪-৩২-০, হেরাথ ৩৭-৭-৯৫-১, ম্যাথুস ২-০-১০-০, পেরেরা ২৭-৩-১০০-২।