এলসের টোটকায় উজ্জীবিত সিদ্দিকুর

যেন সৈয়দ মুজতবা আলীর রসগোল্লা গল্পের ঝান্ডুদা। আজ এই দেশে তো কাল ওই দেশে! তবে ঝান্ডুদার মতো ঝানু ব্যবসায়ী নন, গলফার সিদ্দিকুর রহমান দেশ-বিদেশে ছুটে বেড়াচ্ছেন খেলার নেশায়। এশিয়ান ট্যুরের সর্বশেষ টুর্নামেন্ট মালয়েশিয়ার সিআইএমবি ক্লাসিক ওপেনে খেলে মাত্রই পরশু ঢাকায় ফিরেছেন। এবার তৈরি হচ্ছেন বিশ্বকাপের জন্য।
আগামী ২১-২৪ নভেম্বর অস্ট্রেলিয়ায় হবে গলফের বিশ্বকাপ। রয়্যাল মেলবোর্ন গলফ কোর্সের বিশ্ব আসরে খেলবেন বলে দারুণ রোমাঞ্চিত সিদ্দিকুর। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি খেলবেন গলফের বিশ্বকাপে; উড়বে লাল-সবুজের পতাকা। সুযোগটা হেলায় হারাতে চান না সিদ্দিকুর, ‘প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে খেলব বলে গর্বিত। অনেক বছর চেষ্টার পর সুযোগটা পেলাম। বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা ৬০ জনের মধ্যে আসতে পেরেছি বলেই সুযোগ পেয়েছি বিশ্বকাপে। এটা আমার জন্য বিশাল অর্জন। আমি এই সুযোগ কাজে লাগাতে চাই।’
২০১০ সালে ব্রুনাই ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে সেভাবে আর নিজেকে মেলে ধরতে পারেননি সিদ্দিকুর। এ বছর খেলেছেন ১৮টি টুর্নামেন্ট। কিন্তু সেরা দশে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন চীনের সেইল-সাবিল ওপেনে (তৃতীয়), থাইল্যান্ডের চ্যাংমাই গলফ ক্লাসিকসে (পঞ্চম) ও কুইন্স কাপে (অষ্টম), তাইওয়ানের মার্কিউরিস মাস্টার্সে (তৃতীয়) এবং ম্যাকাওয়ে ভেনেশিয়ান ওপেনে (সপ্তম)। বিশ্বকাপে নিজের সেরাটাই দিতে চান। অস্ট্রেলিয়ায় ভালো খেলার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন প্রিয় খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার আর্নি এলস। ম্যাকাওয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো খেলেছেন স্বপ্নের গলফারের সঙ্গে। উচ্ছ্বসিত সিদ্দিকুর বলছিলেন, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমার আইডলের সঙ্গে প্রথমবারের মতো খেলতে পেরে অন্যরকম আনন্দ হচ্ছিল।’ টুকটাক কথা বলেছেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে খেলে সিদ্দিকুরের অভিজ্ঞতা বেড়েছে অনেক, ‘আর্নি এলসের সঙ্গে খেলে অনেক অভিজ্ঞতা হয়েছে আমার। ওনার কাছ থেকে বেশ কিছু জিনিস শিখতে পেরেছি। অন্য কারও সঙ্গে খেলে হয়তো এত কিছু শেখা সম্ভব হতো না।’
দেশের বাইরে ঈদ করাটা একরকম অভ্যাসেই পরিণত হয়েছে সিদ্দিকুরের। গত ঈদুল আজহার দিনে খেলেছেন ম্যাকাও ওপেনের প্রথম রাউন্ড। কিন্তু মনটা পড়ে ছিল দেশে, ‘ঈদের দিন পরিবারের সবাইকে খুব মনে পড়ছিল। গত পাঁচ বছর কোরবানির ঈদ দেশের বাইরে করেছি। খেলাটা এত ভালোবেসেছি, ঈদের আনন্দও মাঝে মাঝে ভুলে যাই। ঈদের দিন মায়ের হাতের পায়েস খুব মিস করেছি।’
মাত্র এক সপ্তাহের বিশ্রাম। এর ফাঁকেই দৌড়াতে হচ্ছে বিভিন্ন দূতাবাসে। আগামী ৩ নভেম্বর ঢাকা ছাড়বেন সিদ্দিকুর। প্রথমে ভারতে খেলবেন হিরো ইন্ডিয়া গলফ টুর্নামেন্টে। এরপর ১১ নভেম্বর ভারত থেকে সরাসরি অস্ট্রেলিয়া। উদ্দেশ্য—বিশ্বকাপ। তবে তার আগে অস্ট্রেলিয়ান মাস্টার্সে খেলে নিজেকে ঝালিয়ে নিতে চান। আপাতত বিশ্বকাপই পাখির চোখ করছেন সাফল্যপিয়াসী সিদ্দিকুর, ‘জয়ের ক্ষুধাটা এখনো মরে যায়নি। কিছু জিতলে বেশি ভালো লাগে। এই ক্ষুধাটা আছে বলেই নিরন্তর খেলে যাচ্ছি।’