এলানোও অনিশ্চিত
টানা দুই জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আজ শেষ ম্যাচে পর্তুগালের সঙ্গে জিতলে তো বটেই, ড্র করতে পারলেও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন।সহজ এই সমীকরণের পথেও চিন্তামুক্ত থাকতে পারছেন না ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। লাল কার্ড (দুই হলুদ কার্ড) পাওয়ায় এই ম্যাচে এমনিতেই খেলতে পারবেন না আইভরিকোস্টের ম্যাচে নিজেকে ফিরে পাওয়া কাকা। এবার শোনা যাচ্ছে গ্রুপের অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে অনিশ্চয়তা দেখা দিয়েছে মিডফিল্ডার এলানোকে নিয়েও। যা খবর, তাতে এলানোর এই ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি।আইভরিকোস্টের ইসমাইল তিওতের ভয়ানক এক চ্যালেঞ্জে পায়ে আঘাত পেয়েছেন গ্যালাতাসারে থেকে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যাওয়ার দিন গুনতে থাকা এই মিডফিল্ডার। দুই ম্যাচে দুই গোল করে কোচ দুঙ্গাকে বড় স্বস্তি দিয়েছেন এলানো। সেই এলানোকে নিয়ে অনিশ্চয়তা ব্রাজিল কোচের জন্য অস্বস্তিরই।‘আমি ভালো বোধ করছি’—বলে মঙ্গলবার ভালো খবরই দিয়েছিলেন এলানো। কিন্তু বুধবারই আবার অনুশীলন শেষে বলেছেন, ‘আমি আর কী করতে পারি? এখনো যে ব্যথা অনুভব করছি...।’ বুধবার দুঙ্গার দলের অনুশীলনেও পুরোপুরি অংশ নেননি এলানো। আজকের ম্যাচের জন্য তাঁর বিকল্প হিসেবে নাম উঠে এসেছে দানি আলভেসেরও। আর কাকার জায়গা নিতে পারেন এস রোমার তারকা হুলিও ব্যাপ্টিস্টা। শুরুর একাদশে জায়গা পেতে পারেন ভিলারিয়াল ফরোয়ার্ড নিলমারও। ওয়েবসাইট।