এলানোকে নিয়ে সংশয় থাকছেই
দ্বিতীয় রাউন্ডে চিলির বিপক্ষে ফেরার কথা ছিল। কিন্তু শুক্রবার কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের বিপক্ষে লড়াইয়েও এলানো ফিরতে পারবেন কি না সন্দেহ রয়েছে। গতকাল মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে নামলেও কিছুক্ষণ পরই অনুশীলন বন্ধ করে দেন এই মিডফিল্ডার। উত্তর কোরিয়া ও আইভরিকোস্টের বিপক্ষে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচে একটি করে গোল উপহার দিয়ে স্পষ্টলাইটে চলে আসেন এলানো। চোটের কারণে পর্তুগালের বিপক্ষে নামেননি। একই কারণে মাঠে নামতে পারেননি চিলির বিপক্ষেও। রয়টার্স জানায়, মঙ্গলবার শারীরিক কসরতে অংশ নেওয়া ব্রাজিলের ১০ ফুটবলারের সঙ্গে এলানোও ছিলেন। কিন্তু ঘণ্টাব্যাপী এ অনুশীলনের অর্ধেক যেতে যা যেতেই অনুশীলন থামিয়ে দেন তিনি। দলের চিকিৎসকের সঙ্গে কথা বলে আর অনুশীলন করেননি এলানো।এখানেই সমস্যার শেষ নয় ব্রাজিলের। এলানোর মতো চোট-সমস্যায় ভুগছেন ফিলিপ মেলো ও হুলিও ব্যাপ্টিস্টা। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় হল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না মিডফিল্ডার র্যামিরেস। লাল কার্ড দেখে এক ম্যাচ বিরতির পর আবারও হলুদ কার্ড দেখেছেন দলের সবচেয়ে তারকা কাকা। বোঝা যাচ্ছে সব মিলিয়ে বেশ সমস্যায় পড়ে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।