এলিমিনেশন পর্বে রোমান ও সজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যুটিংয়ে দুঃসংবাদ দিয়েছিলেন আবদুল্লাহ হেল বাকি। কাল আর্চারির ভেন্যু থেকে দুঃসংবাদ দিলেন ইমদাদুল হক। ২০০৯ যুব আর্চারিতে ও ২০১০ প্রথম যুব গ্রীষ্মকালীন অলিম্পিকে সোনা এবং চলতি বছর ইসলামিক সলিডারিটি গেমসে রুপাজয়ী বাংলাদেশের আর্চারির সবচেয়ে বড় তারকা ইমদাদুল হক বাদ পড়ে গেলেন ইনচন অলিম্পিক গেমসের বাছাইপর্ব থেকে।
সঙ্গে প্রেননয় মুরংও বাদ পড়ায় এলিমিনেশন পর্বে টিকে থাকলেন শুধু এ বছর এশিয়ান গ্রাঁ প্রিঁতে সোনাজয়ী রুমন সানা ও শেখ সজীব। প্রথম দিন ৯০ ও ৭০ মিটার দূরত্বে তির ছোঁড়ার পর কাল বাংলাদেশের আর্চাররা তির ছোড়েন ৫০ ও ৩০ মিটার দূরত্বের র্যা ঙ্কিং রাউন্ডে। প্রতিটি দেশের চার আর্চারের মধ্যে সেরা দুই আর্চার সুযোগ পেয়েছেন এলিমিনেশন পর্বে।
এবার মোট ৩৮৩৫ পয়েন্ট নিয়ে ১৭ দেশের মধ্যে অষ্টম হয়েছে বাংলাদেশ। গত এশিয়াডের তুলনায় ফলটা ভালোই। চীনে গতবার গ্রুপপর্বে বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। দলীয়ভাবে চার ধাপ এগোলেও ব্যক্তিগত ইভেন্টে ১২৬৭ পয়েন্ট নিয়ে ৩৬তম হয়ে ইমদাদুল এবং ৪৬তম হয়ে বাদ পড়েছেন প্রেননয় (১২২০ পয়েন্ট)। ১২৮৬ পয়েন্ট নিয়ে ২৮তম হন রুমন সানা এবং ১২৮২ পয়েন্ট নিয়ে ৩০তম সজীব। আগামীকাল এলিমিনেশন পর্বে সজীব খেলবেন উত্তর কোরিয়ার ইয়ংউন পার্কের বিপক্ষে। রুমন সানার প্রতিপক্ষ কাজাখস্তানের ডেনিস গ্যানকিন।
মহিলাদের রিকার্ভ বো ইভেন্টে মাথুই প্রু মারমা ১২৬৯ পয়েন্ট নিয়ে ৩২ এবং শ্যামলী রায় ১২৫২ পয়েন্ট নিয়ে ৩৬ নম্বরে থেকে এলিমিনেশন রাউন্ডে গেছেন। বিউটি রায় ১১৪৭ পয়েন্ট নিয়ে ৪৮ এবং রাবেয়া খাতুন ১০৮৩ পয়েন্ট নিয়ে ৫৩ নম্বরে থেকে বাদ পড়েছেন।
ওদিকে বিচ ভলিবলও দেয়নি আশা জাগানিয়া খবর। কাল শ্রীলঙ্কার কাছে মনির হোসেন ও হরষিত বিশ্বাসের দল হেরে গেছে ২১-৪ এবং ২১-৯ ব্যবধানে। এর আগে কাতার ও কম্বোডিয়ার কাছেও ২-০ সেটে হারায় গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে গেলেন তাঁরা।