এলোমেলো লম্বা পাস প্রায় উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্ব থেকে নকআউট—শুধু শব্দগত পার্থক্যই নয়, খেলায়ও অনেক পরিবর্তন! উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া, ঘানা-যুক্তরাষ্ট্র ম্যাচ দুটি দেখিয়ে গেল নকআউট পর্বটা আসলে কী।যেহেতু হারলেই বিদায়, দলগুলো খুবই সতর্ক এই পর্বে। বল নিয়ন্ত্রণ, পাসিং, রানিং, আক্রমণ, রক্ষণ—সবই পুঙ্খানুপুঙ্খ হিসাব কষে তবেই পা ফেলা। এর ফলে খেলাটাও হয়ে উঠেছে উপভোগ্য এবং অবশ্যই আকর্ষণীয়। গ্রুপ পর্বে দলগুলোর মধ্যে এলোমেলো লম্বা পাস খেলার মানসিকতা দেখেছিলাম। নকআউটের শুরুতেই সেটি উধাও। খেলা যত গড়িয়েছে যুক্তরাষ্ট্র একটু লম্বা খেলা খেলছিল বটে, তবে দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে ওটা ছিল খানিক ব্যতিক্রমই। গ্রুপ পর্বের মতো ধুমধাম সামনে না বাড়িয়ে পরিকল্পিত ফুটবল খেলার দিকেই মনোযোগ ছিল দলগুলোর।লক্ষ করবেন, গোলরক্ষকেরা ভলি প্রায় করেইনি। ভলি করলে তার খেলোয়াড়ের বল পাওয়ার সম্ভাবনা ৫০-৫০। তার চেয়ে নিচ থেকে ছোট ছোট পাসে নিজেরা সংগঠিত হয়েছে। ‘ভুল করা যাবে না’ মানসিকতা নকআউট পর্বে দলগুলোর কৌশলে এনেছে অনেক পরিবর্তন।এই দুটি ম্যাচে বাজে ট্যাকল কটা দেখেছেন? আমার তো মনে হয়, খুব একটা দেখেননি। বাজে ট্যাকল করে দলের কোনো ক্ষতি যদি হয়ে যায়! এই ভাবনা-হিসাব-সতর্কতা যাই বলুন, তারই কল্যাণে দুটি ম্যাচই ছিল পরিচ্ছন্ন। বিশেষ করে উরুগুয়ে-কোরিয়া ম্যাচটি।এর মধ্যেই জয়-পরাজয় থাকল। শারীরিক সক্ষমতা আর পারস্পরিক বোঝাপড়ায় জিতে গেল এই বিশ্বকাপের সবচেয়ে তরুণ দল ঘানা। যুক্তরাষ্ট্রকে জায়গা না দেওয়া এবং চ্যালেঞ্জগুলোতে জয়ী হওয়ারই ফল এটা। যুক্তরাষ্ট্র সুযোগ তৈরি করেও বিদায় নিয়েছে ফিনিশিংয়ের অভাবে।দ্রুত খেলাটা বদলে দেওয়া, সাইড টু সাইড ঘুরিয়ে দিতে পারা এবং সর্বোপরি সুযোগের সদ্ব্যবহার—এমন ফুটবল খেলার পর উরুগুয়ের না জেতার কারণই ছিল না। কোরিয়ানরা একটা সময় পর্যন্ত অসম্ভব দৌড়াদৌড়ি করল। কিন্তু কতক্ষণ? তারাও মানুষ তো! আর তাই গোল শোধ করার পর দেখলাম ক্লান্তির ছাপ পড়ছে কোরিয়ার খেলায়। উদ্যমটা তারা ধরে রাখতে পারেনি, যার পরিণতি বিশ্বমঞ্চ থেকে বিদায়।উরুগুয়ের রক্ষণ প্রশংসা দাবি করছে। গ্রুপ পর্বে গোল খায়নি এই রক্ষণ, অবশেষে দ্বিতীয় রাউন্ডে একটা খেলেও দুর্ভেদ্যই মনে হচ্ছে রক্ষণটা। ক্রমাগত চাপেও খালি জায়গা দেয়নি কোরিয়ানদের। ব্লকিং ছিল দারুণ। যা এই রক্ষণকে বানিয়ে দিয়েছে বেশ দুর্ভেদ্য।মাঝমাঠ ও আক্রমণও কম যায় না। উরুগুয়ের শক্তির পুরোটাই প্রায় ডিয়েগো ফোরলান-কেন্দ্রিক। সে-ই দলের মধ্যমণি এবং এক টাচের পর বলটা যেন তাকেই খোঁজে। সারা মাঠজুড়ে তার বিচরণ এবং অসাধারণ উদ্ভাবনী শক্তিতে এই স্ট্রাইকার গোটা দলটাকে খেলাচ্ছে। সুয়ারেজও কী কম? বড় দলের তারকা নয়, এ কারণেই থেকে যায় আলোচনার বাইরে। কিন্তু কত দিন? দলের দুটি গোলই করে ফোরলান-সতীর্থ নিজেকে বড় মাপের স্ট্রাইকার হিসেবে প্রমাণ করল। ৩-৪ জন ডিফেন্ডারের মাঝখান দিয়ে ওর এবং ঘানার আসামোয়ার করা জয়সূচক গোল দুটি অসাধারণ। গোল কত সুন্দর হতে পারে, এর চেয়ে বড় উদাহরণ আর হয় না!