এশিয়া কাপ হকিতে বিকেএসপি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলন বাদ দিয়ে জাতীয় দলের হকি খেলোয়াড়েরা এখন ব্যস্ত আন্দোলনে। তাঁরা নতুন করে ফেডারেশনের কাছে তিন দফা দাবি উত্থাপন করায় কর্মকর্তারা বিরক্ত। ফেডারেশনের অস্থায়ী নির্বাহী কমিটির প্রতি অনাস্থা জানিয়ে প্রতিটি ব্যাপারেই সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল ইনামুল বারীর হস্তক্ষেপ চাইছেন খেলোয়াড়েরা। কদিন আগে দলবদলের চূড়ান্ত সূচি ঘোষণা করেন ফেডারেশনের সভাপতি। কিন্তু রাষ্ট্রীয় প্রতিরক্ষার গুরুদায়িত্ব ফেলে রেখে বারবার তিনি হকি খেলোয়াড়দের ব্যাপার নিয়ে দৌড়াদৌড়ি করতে আগ্রহী নন বলে জানিয়েছেন ফেডারেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা।

খেলোয়াড়দের এমন আচরণে সভাপতি নিজেই বিরক্ত বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘এভাবে চলতে থাকলে বিকেএসপি দলকেই এশিয়া কাপে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’ শুধু তা-ই নয়, ২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় এশিয়া কাপের অনুশীলন ক্যাম্পও স্থগিত হয়ে যেতে পারে বলে আভাস দিলেন তিনি, ‘আগামী কিছুদিনের মধ্যে হকির সঙ্গে তিনটি বড় স্পনসর চুক্তি করবে। টাকার অঙ্কটা বেশ ভালো। আনুষ্ঠানিকতা বলতে এটুকুই। এরপর হকির সব কর্মকাণ্ড বন্ধ থাকবে। প্রয়োজন হলে ক্যাম্পে খেলোয়াড়দের না-ও ডাকা হতে পারে।’ পরশু জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ (জিমি) ফেডারেশনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, ‘পারলে বিকেএসপির খেলোয়াড় দিয়ে জাতীয় দল গড়ুক ফেডারেশন।’ খেলোয়াড়দের এই হুমকির মুখে ফেডারেশন এমন সিদ্ধান্ত নিতে পারে বলে হকি অঙ্গনে গুঞ্জন।

তবে কাল এসব ব্যাপারে স্পষ্ট কিছুই বলতে চাইলেন না সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, ‘এখনই আমরা বিকল্প জাতীয় দল গড়ার কথা ভাবছি না। আগামী শনিবার আমাদের লিগ কমিটির সভা। সেখানে কী সিদ্ধান্ত আসে, সেটা আগে দেখি। খেলোয়াড়েরা যদি মনে করে যে এই সিদ্ধান্তে তারা সন্তুষ্ট, তাহলে তাদের ডাকব। এর পরও যদি তারা কঠোর অবস্থানে থাকে, তাহলে সভায় বসে আমরা পরবর্তী করণীয় ঠিক করব।’ তবে তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন, অনুশীলন ক্যাম্প দ্রুতই শুরু হচ্ছে না, ‘অস্থিতিশীল পরিবেশ ঠান্ডা হলেই ক্যাম্প শুরুর কথা ভাবব আমরা।’