এশিয়াডের দলে সাইক সিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে নিয়ে অনেক স্বপ্নের কথা বলেছেন জিমন্যাস্টিকস কর্মকর্তারা। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে পারেননি সাইক সিজার। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই জিমন্যাস্ট গত লন্ডন অলিম্পিকে খেলেছেন। সম্প্রতি কমনওয়েলথ গেমসেও ছিলেন। কিন্তু আবারও হতাশ করেছেন। তাই অন্য আটটি দলের সঙ্গে এশিয়ান গেমসের দলে জায়গা পায়নি কমনওয়েলথ গেমসে ‘ব্যর্থ’ জিমন্যাস্টিকসও।

তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বিশেষ বিবেচনায় জিমন্যাস্টিকস যোগ করেছে এশিয়ান গেমসের দলে। এশিয়াডে জিমন্যাস্টিকস দলের প্রতিনিধিত্ব করবেন শুধু সাইক সিজারই। ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের আগ্রহে সিজারকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিওএর কর্মকর্তারা। তাঁরা এও বলছেন, সাইক সিজারকে আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে। এবার ভালো কিছু করতে পারলে ভবিষ্যতে সুযোগ পাবেন, নইলে এটাই সম্ভবত তাঁর শেষ।

কিন্তু এতে ক্ষোভ প্রকাশ করেছেন অন্য খেলার অনেক কর্মকর্তা। তাঁরা বলছেন, আন্তর্জাতিক সাফল্য থাকার পরও দু-একটি খেলা এশিয়াড থেকে বাদ পড়েছে। অ্যাথলেটিকস, সাঁতারের মতো খেলাও জায়গা পায়নি এশিয়াডে। ওইকর্মকর্তারা চান বিওএর সুবিবেচনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার ভাষ্য,‘কোন খেলার প্রয়োজনীয়তা বেশি, কোন খেলাকে বেশি পৃষ্ঠপোষণা দেওয়া দরকার, সেসব বিবেচনা না করেই বারবার সিদ্ধান্ত নিচ্ছে বিওএ।’