কদিন আগে ভারতের পুনেতে হওয়া এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বিনা প্রস্তুতিতে গিয়ে যাচ্ছেতাই করেছেন বাংলাদেশের অ্যাথলেটরা। এই চেহারা নিয়েই অ্যাথলেটিকস সঙ্গী হচ্ছে আগামী ১৬-২৪ আগস্ট চীনের নানজিংয়ে অনুষ্ঠেয় দ্বিতীয় এশিয়ান যুব গেমসের বাংলাদেশ দলে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান কাল হতাশ কণ্ঠে বলছিলেন, ‘অ্যাথলেটিকসের প্রস্তুতি সন্তোষজনক নয়, বাস্কেটবলের প্রস্তুতিও খারাপ।’ উল্লেখ্য, দ্বিতীয় এশিয়ান যুব গেমসে বাংলাদেশ অংশ নেবে শ্যুটিং, সাঁতার, গলফ, বাস্কেটবল, অ্যাথলেটিকস, ভারোত্তোলন, ব্যাডমিন্টন ও তায়কোয়ান্দোতে। সরকার এই সফরের জন্য অর্থ দিচ্ছে না। বিওএ জোগাচ্ছে ৫৮ লাখ ৮৬ হাজার টাকার তহবিল। এর মাত্র ১২ লাখ টাকা খেলোয়াড়দের অনুশীলন বাবদ বরাদ্দ। খেলোয়াড় মোট ১৯ জন। কোচ-কর্মকর্তা মিলে দলটা হবে ২৭ জনের।