এশিয়ায় বাজার সম্প্রসারণে স্প্যানিশ লিগের নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের উত্তুঙ্গ জনপ্রিয়তায় ভাটা ফেলতে চায় স্প্যানিশ লা লিগা। বিশ্বের বৃহত্তম মহাদেশে নিজেদের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামী বছর থেকেই একটি প্রাক-মৌসুমি ফুটবল প্রতিযোগিতায় এশিয়ার মাঠে নামাতে চায় ফুটবলামোদীদের কাছে অসম্ভব জনপ্রিয় এই ফুটবল লিগ।এলএফপি কাপ নামের এই প্রতিযোগিতায় প্রতিবছর তিনটি করে স্প্যানিশ দলের সঙ্গে খেলবে একটি স্থানীয় এশিয়ান ক্লাব। দক্ষিণ-পূর্ব এশিয়ার যেকোনো একটি দেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পালাক্রমে প্রতিযোগিতাটি এশিয়ার বিভিন্ন দেশে অনুষ্ঠিত হবে। স্প্যানিশ লা লিগার প্রধান নির্বাহী ফ্রান্সিসকো রোকা পেরেজের বরাত দিয়ে রয়টার্স আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।ফ্রান্সিসকো রোকা পেরেজ এ উদ্যোগকে এশিয়ার মতো একটি দ্রুত বর্ধনশীল বাজারে লা লিগার ‘ব্র্যান্ড’কে ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় গোটা বিশ্বে স্প্যানিশ ফুটবলের যে জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে, আমরা চাই সেই জনপ্রিয়তাকে ব্যবহার করে স্প্যানিশ লা লিগার ব্র্যান্ডকে পৃথিবীময় ছড়িয়ে দিতে।’সিঙ্গাপুর সফরে এসে লা লিগার প্রধান নির্বাহী এ ধরনের প্রতিযোগিতার কথা সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন, এশিয়াতে এ ধরনের একটি প্রতিযোগিতা আয়োজনে সব ধরনের পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। অচিরেই এটি আলোর মুখ দেখবে। রোকা পেরেজের মতে, এ প্রতিযোগিতা এশিয়ায় স্প্যানিশ ক্লাবগুলোর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবে। তবে কোন দেশে এটি অনুষ্ঠিত হবে, কিংবা কোন দলগুলোকে নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সেটি পরে জানানো হবে বলে জানান লা লিগার প্রধান নির্বাহী।—রয়টার্স