এশিয়ার 'বোল্ট' ওগুনডে

ইনচন এশিয়াড মেইন স্টেডিয়ামে উসাইন বোল্টই নেমে এলেন না তো! ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মধ্যম ক্ষিপ্রতায় দৌড় শুরু, অর্ধেকের বেশি দূরত্ব পার হয়ে যাওয়ার পর হঠাৎই যেন অ্যাকসেলেটরে চাপ পড়ল। সাঁই করে বেরিয়ে গেলেন সমান্তরালে থাকা অ্যাথলেটদের সারি থেকে। শেষটা শুধু বিজয়ানন্দেই মোড়ানো নয়, পরিণত হলো এশিয়ান গেমসে নতুন রেকর্ড গড়ার উৎসবেও।
পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ৯.৯৩ সেকেন্ডের রেকর্ড গড়ে সোনা জিতেছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত কাতারের অ্যাথলেট ফেমি সিউন ওগুনডে। আগের রেকর্ডটি ছিল ১৬ বছরের পুরোনো, ১৯৯৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে যা গড়েছিলেন জাপানের কোজি ইতো (১০ সেকেন্ড)। শুধু এশিয়ান গেমসের রেকর্ডই নয়, ওগুনডে ভেঙেছেন এশিয়ান রেকর্ডও। ২০০৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৯.৯৯ সেকেন্ডের আগের রেকর্ডটিও ছিল আরেক কাতারি অ্যাথলেট স্যামুয়েল আদেবারি ফ্রান্সিসের। পায়ের চোট নিয়ে কাল যিনি দৌড় শেষ করেছেন সবার শেষে, ১০.৪১ সেকেন্ডে। ১০.১০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন চীনের সু বিংটিয়ান। আর ব্রোঞ্জ পাওয়া জাপানের কেই তাকাসে দৌড় শেষ করেছেন ১০.১৫ সেকেন্ডে।
এশিয়ার দ্রুততম মানব হওয়ার প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত ২৩ বছর বয়সী ওগুনডে মাইক্রোফোন হাতে শুরুতে কিছুই বলতে পারছিলেন না। ‘আমি খুশি’ বলেই শেষ করতে চাইলেন প্রতিক্রিয়া। পাশে বসা গেমসের প্রেস ম্যানেজারের অনুরোধে পরে যোগ করলেন, ‘আসলে আমি জানি না কি বলতে হবে...। আমি খুশি, আনন্দিত...কৃতজ্ঞ সবার কাছে।’
ওগুনডেই জানালেন, গেমসের মাত্র চার মাস আগে ব্যক্তিগত কারণে কোচকে ছাঁটাই করে দিয়েছেন। সেই থেকে গেমস পর্যন্ত সংগ্রাম চালিয়ে গেছেন একাই, ‘চার মাস আগে আমি কোচকে বিদায় করে দিই। এরপর দোহায় গিয়ে একা একা অনুশীলন করি। পরিবার, পরিচিতরা সবাই আমাকে সাহায্য করেছে। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম সোনা জিতব এবং আমি তা করে দেখিয়েছি।’ সাফল্যটা ওগুনডের কাছে আরও মধুর, কারণ ডোপিংয়ের দায়ে দুই বছরের নিষেধাজ্ঞা শেষ করে ট্র্যাকে ফিরেছেন গত জানুয়ারিতে।
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে অবশ্য জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ১১.৪৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতা চীনের উই ইয়ংলি শুরুতেই অনেকটা এগিয়ে গেলেও শেষ দিকে তাঁকে প্রায় ধরেই ফেলেছিলেন জাপানের চিসাতো ফুকোসিমা। শেষ পর্যন্ত অবশ্য সেকেন্ডের এক শতাংশ ব্যবধানে রুপাই জুটেছে ফুকোসিমার কপালে। দৌড় শেষে সংবাদ সম্মেলনে রোমাঞ্চিত উই ইয়ংলি বললেন, ‘খুব খুশি আমি...আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো নয়। দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি এ রকম একটা কিছুর জন্য। শেষ পর্যন্ত স্বপ্নটা পূরণ হলো।’