িগ্রস-আইভরিকোস্ট ম্যাচটা টিভি পর্দায় শেষ সেকেন্ড পর্যন্ত চোখ আটকে রাখল। কী দুর্দান্ত ম্যাচ!
শেষ মুহূর্তে পেনাল্টি পেল গ্রিস, আমার ধারণা ওটা পেনাল্টি ছিল না। যেটি আসলে আদায় করে নিয়েছেন সামারাস। তবে গ্রিসের দুটি শট যেভাবে বারে লাগল, জয়ের তৃঞ্চায় তেড়েফুঁড়ে আক্রমণে যাওয়া গ্রিসকে তা তুলে ধরল অন্যভাবেই। ওরাই ডিফেন্স চিরে বেশি ঢুকল। জয় ওদের প্রাপ্য ছিল না, এমন কথা বললে অন্যায় হবে।
আইভরিকোস্টের খেলোয়াড়দের দেখে মায়া লাগল। ড্র হলেই দ্বিতীয় রাউন্ড, এমন স্বপ্ন দেখতে দেখতে বিদায়! আলজেরিয়া বাদে আফ্রিকার অন্যদের বিশ্বকাপ প্রায় শেষই। গত রাতে আর্জেন্টিনার সঙ্গে কী করল নাইজেরিয়া তার ওপরই ওদের ভবিষ্যৎ।
সামগ্রিকভাবে আফ্রিকান ফুটবল বিশ্বমঞ্চে তেমন সাড়া জাগাতে পারল না। গতবার শেষ আটে খেলল ঘানা, এখন পর্যন্ত বিশ্বকাপে যা কোনো আফ্রিকান দেশের সেরা সাফল্য। প্রাসঙ্গিকভাবে চলে আসছে এশিয়ার কথাও। ২০০২ বিশ্বকাপে নিজের মাঠে সেমিফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া। ওটা এখন পর্যন্ত বিশ্বকাপে এশিয়ার বড় সাফল্য। আলোড়ন আর তেমন দেখছি না।
ইরান রক্ষণাত্মক খেলে আর্জেন্টিনার সঙ্গে মেসির অবিশ্বাস্য এক গোলে ড্র করতে করতে হারল। দুই-এক িদন এমন চমক আসতেই পারে। তবে ধারাবাহিকতা নেই। আফ্রিকা-এশিয়ার ফুটবলের কাটাছেঁড়ায় বেরিয়ে আসছে অনেক কিছুই। আফ্রিকানদের শারীরিক ফিটনেস আর গতি ভালো। কিন্তু ফুটবল মাথার খেলাও, এটা ওদের মনে থাকে না। কিংবা সামর্থে৵র অভাব আছে। সব ঠিকঠাক করেও বক্সের সামনে এসে এলোমেলো শট নিয়ে গুবলেট করে েফলছে আফ্রিকানরা। এই জায়গায় ওদের বড় ঘাটতি রয়ে গেছে।
ব্যক্তিগত নৈপুণ্যও সেভাবে পাখা মেলেনি ব্রাজিলে। দিদিয়ের দ্রগবা চেষ্টা করেছেন, আইভরিকোস্ট অনেকটা তাকিয়ে ছিল তাঁর দিকে। কিন্তু দ্রগবা পারলেন না। বয়স তাঁর গতি টেনে ধরেছে। রোবেনের বয়স ৩০, ডাচ মিডফিল্ডার কীভাবে তাহলে এত পরিশ্রম করে দুর্দান্ত সব গোল বের করেন? এই বিশ্বকাপে এটা আমার এক বিস্ময় জিজ্ঞাসা। দ্রগবা জ্বলতে পারলে তাঁর দল পরশু বিশ্বকাপ থেকে হয়তো ওভাবে বিদায় নিত না।
সোজা বাংলায়, আফ্রিকানদের ‘মাথাটা’ ঠিক করা চাই। ওরা খেলায় গতি আনতে গিয়ে টেম্পারামেন্টই হারিয়ে ফেলে। যেটা বড় ঘাটতি। একটু উচ্চাভিলাষী দেখাচ্ছে আফ্রিকানদের। অ্যাথলেটিসিজম দিয়েই ওরা সব করে ফেলবে ভাবা ঠিক হবে না। বুদ্ধি মিশিয়ে ধীরস্থির হওয়াও আবশ্যক।
এশিয়ার দলগুলো চূড়ান্ত পাস ঠিকঠাক করতে পারছে না। পরশু কলম্বিয়ার কাছে জাপান ৪-১ গোলে উড়ে গেলেও জাপানের খেলায় গতি ছিল। কিন্তু যে অঞ্চলে এসে সঠিক পাস দরকার, সেখানে ওরা এলোমেলো। দেখা গেল, শটে যে পরিমাণ জোর দেওয়া দরকার, তার চেয়ে বেশি বা কম দিল। ফলে শটের গন্তব্য পোস্ট না হয়ে অন্যদিকে চলে যায়।
এশিয়ার দলগুলো বাতাসে বল দখলের লড়াইয়েও পেরে উঠছে না। এই কাজটা আবার ভালোভাবে করছে আফ্রিকানরা। এমনকি কখনো কখনো হেডে ইউরোপ বা লাতিনের চেয়েও ভালো ওরা। কিন্তু যতক্ষণ ফুটবল-মস্তিষ্ক কথা না বলবে, আফ্রিকার কাছে নজরকাড়া কিছু আশা না করাই ভালো। তবে হ্যাঁ, মাঝে মাঝে হয়তো অঘটন ঘটাবে, চমক দেবে। কিন্তু অঘটন তো সারাক্ষণ ঘটানো সম্ভব নয়।
যেভাবে এগোচ্ছে চিত্রনাট্য, অাগামী এক-দুটি বিশ্বকাপে অঘটন আর চমক দিয়েই ক্ষান্ত থাকতে হবে এশিয়া-আফ্রিকাকে। এটা দেখিয়ে যাচ্ছে ব্রাজিল বিশ্বকাপও।