এশিয়া কাপ আর্চারিতে মেয়েদের রুপা
এই প্রথম আর্চারির কম্পাউন্ড ইভেন্টে দেশের বাইরে পদক জিতল বাংলাদেশ। ব্যাংককে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ-২ প্রতিযোগিতায় কাল রুপা এল সুস্মিতা বণিক, রোকসানা আক্তার ও বন্যা আক্তারকে নিয়ে গড়া মেয়েদের বিভাগে।
আগের দিন রিকার্ভ ইভেন্টে ব্যক্তিগত ব্রোঞ্জ জেতেন শ্যামলী রায়। তাঁর ওই সাফল্যই উজ্জীবিত করেছে সুস্মিতাদের। র্যাঙ্কিংয়ের শীর্ষ দল চীনা তাইপের সঙ্গে বাংলাদেশ তুমুল লড়াই করে হার মানে ২১৯-২২৪ পয়েন্টে। ভারতের মতো দেশ পদক পায়নি মেয়েদের কম্পাউন্ড ইভেন্টে (সপ্তম)। কিন্তু বাংলাদেশ দল আত্মবিশ্বাসী ছিল। সেই আত্মবিশ্বাসটা এসেছে জানুয়ারিতে ঢাকায় আন্তর্জাতিক আর্চারিতে এই কম্পাউন্ড ইভেন্টের মিশ্র দলগত বিভাগে সোনা জিতে।
ঢাকায় এই ইভেন্টের মেয়েদের এককে রুপা জেতেন বন্যা আক্তার, সোনাজয়ী দলে ছিলেন সুস্মিতা বণিক। তাঁরা এগিয়ে গেলেন আরেক ধাপ। আগামী নভেম্বরে ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য যা বড় প্রেরণাও। আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্য পাওয়ায় সামনে আরও ভালো কিছু করা সম্ভব মনে করেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল, ‘আমাদের ছেলেমেয়েরা যেভাবে তৈরি হচ্ছে, তাতে ওরা এখন আর বাইরে গেলে সেভাবে স্নায়ুচাপে ভোগে না। এটাই সবচেয়ে ইতিবাচক দিক।’
কয়েক বছর আগেও তির-ধনুকের এই খেলায় বাংলাদেশ ছিল পেছনের বেঞ্চের ছাত্র। তবে সেই দিন বদলেছে। এখন ধারাবাহিক সাফল্যের দেখা পাচ্ছে বাংলাদেশ। এই এশিয়া কাপেই তো আছে আরও বড় সাফল্য। ২০১৪ সালে রিকার্ভে সোনা জেতেন রোমান সানা। পরের বছর এসেছে ছেলেদের রিকার্ভে দলীয় রুপা। গত বছর পদক আসেনি। এবার এল দুটি পদক। টুর্নামেন্ট শেষে গত রাতেই বাংলাদেশ দলের ঢাকায় ফেরার কথা।