এশিয়া কাপ কাবাডিতে নেই বাংলাদেশ!
পাকিস্তানের লাহোরে গত পরশু শুরু হয়েছে দ্বিতীয় এশিয়া কাপ কাবাডি। অংশ নিচ্ছে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইরান ও স্বাগতিক পাকিস্তান। অথচ এশিয়ান গেমসে তিনবারের রুপাজয়ী বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।অংশগ্রহণ পরের ব্যাপার, এ টুর্নামেন্ট সম্পর্কে ফেডারেশন কর্মকর্তারা কিছু জানেনই না! ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিস্ময় প্রকাশ করে বললেন, ‘তাই নাকি! কোথায় পেলেন এই খবর?’ পরে বললেন, ‘আমরা তো ক্ষমতায় এসেছি মাত্র দেড় মাস। এ ব্যাপারে ভালো বলতে পারবেন আগের সেক্রেটারি।’ তবে বিদায়ী সাধারণ সম্পাদক মুনীর হোসেন দায়টা চাপালেন এশিয়ান কাবাডি ফেডারেশনের ওপর, ‘আমরা এ ব্যাপারে কিছুই জানি না। আমাদের কোনো আমন্ত্রণই জানানো হয়নি।’ অথচ এশিয়ান কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মুনীর হোসেন! কেন এশিয়ান কাবাডির বড় এক কর্তার দেশ বাংলাদেশ আমন্ত্রণ পেল না, তা নিয়ে তাঁর ব্যাখ্যা, ‘আমাদের সভা হয় অনিয়মিত। কোনো রেজ্যুলেশনই থাকে না অনেক সময়। এমনও হতে পারে অলিম্পিকে এই টুর্নামেন্টের আমন্ত্রণ এসেছে। আমাদের সেটা জানানো হয়নি।’ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোর্টে বল ঠেললেও খোঁজ নিয়ে জানা গেছে, বিওএতে আমন্ত্রণ আসেনি এবং আমন্ত্রণ বিওএতে আসার কথাও নয়।গত ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে এটিই প্রথম কোনো বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও সেখানে যেতে প্রস্তুত ছিলেন বলেই জানালেন নজরুল ইসলাম, ‘যেখানেই খেলা হোক না কেন আমন্ত্রণ পেলে ঠিকই অংশ নিতাম।’ বাংলাদেশ কাবাডি দলের সামনে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ এমনিতেই কম থাকে। গত এশিয়ান গেমসের পর পুরুষ কাবাডি দল কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়নি। এমন একটি টুর্নামেন্টে বাংলাদেশের অংশ নেওয়া হলো না ভেবে খুবই হতাশ কাবাডি কোচ আবদুল জলিল, ‘এটা ফেডারেশনের ব্যর্থতা। এমনিতেই আমাদের কাবাডির মান নেমে যাচ্ছে। তার ওপর নিজেদের দোষে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগও যদি হারাই তবে খেলোয়াড়েরা উৎসাহ হারিয়ে ফেলবে। ঘটনাটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’