এশিয়া কাপ ডাম্বুলায়
এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্যই তহবিল বাড়ানো। কিন্তু টুর্নামেন্টে যে দলটির থাকা মানেই কাঁড়ি কাঁড়ি টাকা, সেই ভারতেরই সময় হচ্ছিল না। এশিয়া কাপের সময়টাও তাই চূড়ান্ত করা যাচ্ছিল না। অবশেষে ভারতের সময় পাওয়া গেছে, চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের ফিকশ্চারও। এশিয়া কাপের দশম আসর বসতে যাচ্ছে শ্রীলঙ্কায়। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে ১৫ জুন শুরু টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে ডাম্বুলায়—সবগুলোই দিবারাত্রির।২০০৮ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সর্বশেষ টুর্নামেন্টে ছয় দল খেললেও এবার খেলবে শুধু এশিয়ার টেস্ট খেলুড়ে চার দেশ। চার দল একে অন্যের সঙ্গে একবার করে খেলার পর সেরা দুই দল খেলবে ফাইনালে। ২৪ জুন ফাইনাল। বৃষ্টির কথা মাথায় রেখে প্রাথমিক রাউন্ডে তিনটি ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। টুর্নামেন্ট থেকে পাওয়া টাকায় এ অঞ্চলের ক্রিকেট উন্নয়নে ব্যয় করা হবে বলে জানালেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক, ‘টুর্নামেন্ট থেকে যে তহবিল পাওয়া যাবে, তা এশিয়ার ক্রিকেট উন্নয়নে কাজে লাগানো হবে। এরই মধ্যে আফগানিস্তান ও নেপালকে আমরা অনেক উন্নতি করতে দেখেছি।’গতবারের ফাইনালে ভারতকে হারিয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এই দুই দলই শিরোপা জিতেছে চারবার করে। ২০০০ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ওয়েবসাইট।