এশিয়া কাপ হকির ক্যাম্প শুরু ৭ জুন
শোনা যাচ্ছিল, কঠোর শাস্তি পেতে পারেন হকি খেলোয়াড় রাসেল মাহমুদ (জিমি), জাহিদ হোসেন ও আসাদুজ্জামান চন্দন। তবে এসব নিয়ে হকি ফেডারেশনের কালকের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় কোনো আলোচনাই হয়নি। বরং হকির অচলাবস্থা কাটিয়ে উঠতে ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। সভার সিদ্ধান্ত—৭ জুন বিকেএসপিতে শুরু হবে এশিয়া কাপের অনুশীলন ক্যাম্প। ক্যাম্পে ডাক পেয়েছেন ৩৩ জন খেলোয়াড়। ওই দিন বিকেল ৪টায় কোচ মাহবুব হারুনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে খেলোয়াড়দের। জরুরি সভায় আটজন কর্মকর্তার পদত্যাগপত্র গ্রহণ না করে সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।ক্যাম্প শুরু হচ্ছে, কিন্তু খেলোয়াড়েরা কি ক্যাম্পে যোগ দেবেন? জাতীয় দলের অধিনায়ক জাহিদ হোসেন বললেন, ‘এখনই আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। এটা আমার একার সিদ্ধান্তও নয়। সবার সঙ্গে কথা বলে কাল (আজ) জানাব।’ ক্যাম্পে আপাতত যোগ দেবেন না স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। জার্মানির ক্লাব রট-ওয়েসিস মিউনিখে খেলতে কাল ঢাকা ছাড়বেন তিনি। একই ক্লাবে খেলতে কাল ঢাকা ছেড়েছেন মশিউর রহমান (বিপ্লব)। ৩০ জুন এ দুজনের ঢাকায় ফেরার কথা। তত দিনে সমস্যার সমাধান হবে বলেই জিমির প্রত্যাশা, ‘আশা করছি, হকির চলমান সমস্যা ঠিক হয়ে যাবে। আমি জার্মানিতে খেলে এসেই ক্যাম্পে যোগ দিতে পারব।’