এশিয়া কাপে অনিশ্চিত রুবেল
গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে কাঁধে চোট পেয়েছিলেন। বিপিএলে সিলেট রয়্যালসের হয়ে প্রথম ম্যাচে সেই কাঁধেই চোট পেয়েছেন আবার। আগের চোটের পর এত দিন ‘কনজারভেটিভ ট্রিটমেন্ট’ নিয়ে খেলা চালিয়ে গেলেও এবার বোধ হয় লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে চলে যাচ্ছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর আশঙ্কা, অস্ত্রোপচারের টেবিলেই উঠতে হতে পারে তাঁকে। সে ক্ষেত্রে খেলার বাইরে চলে যাবেন অন্তত পাঁচ-ছয় মাসের জন্য। ‘কনজারভেটিভ ট্রিটমেন্টে’ নিয়ে প্রিমিয়ার লিগে খেলে চোট কাটিয়ে ওঠার আশা জাগিয়েছিলেন রুবেল। কিন্তু বিপিএলে এসেই স্বপ্নভঙ্গ। বিপিএলে আর খেলা হবে না রুবেলের, কাল সেটা আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছে সিলেট রয়্যালস। তাঁর জায়গায় নিলামে অবিক্রীত থাকা আরেক পেসার আবুল হোসেনকে নিয়েছে দলটি।দেবাশিস চৌধুরীর আশঙ্কা সত্যি হলে মার্চে ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া কাপেও খেলা হচ্ছে না রুবেলের, ‘চট্টগ্রামের ইনজুরির পর এত দিন রুবেলকে পরীক্ষামূলকভাবে বোলিং করানো হচ্ছিল। গত দেড় মাসের পুনর্বাসনে সে শতভাগ দিয়ে বল করতে পেরেছে। কিন্তু সর্বশেষ ইনজুরির কারণে এখন হয়তো অস্ত্রোপচারই দরকার। সে ক্ষেত্রে পাঁচ-ছয় মাস লাগবে ফিরতে।’ দু-এক দিনের মধ্যে দেশেই বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন রুবেল। তিনি যদি আরও কিছুদিন কনজারভেটিভ ট্রিটমেন্টের পরামর্শ দেন, তাহলে আবারও শুরু হবে রুবেলের পুনর্বাসন। সে ক্ষেত্রে খেলতে পারেন এশিয়া কাপেও। আর যদি অস্ত্রোপচার করাতেই হয়, তাহলে অচিরেই ভারত কিংবা ব্যাংককে পাঠানো হবে রুবেলকে। সে ক্ষেত্রে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা কমই।প্রথম ম্যাচের পর থেকে একাদশের বাইরে আছেন চিটাগং কিংসের ওপেনার তামিম ইকবালও। কারণটা কুঁচকির চোট, কাল অধিনায়ক মাহমুদউল্লাহও জানিয়েছেন সেটাই। তবে তামিমের ব্যাপারটা যেহেতু এখনো বিসিবির মেডিকেল রুম পর্যন্ত যায়নি, বোঝাই যাচ্ছে এই চোট বিপজ্জনক কিছু নয়।