এশিয়া কাপে নেই তামিম-মাহমুদউল্লাহ
ঘাড়ের চোট পুরোপুরি ভালো হতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু এশিয়া কাপের জন্য কাল ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলে তাই নেই তামিম ইকবাল। কাল শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ এবং শফিউল ইসলামও। দলে ফিরেছেন জিয়াউর রহমান, ইমরুল কায়েস ও আবদুর রাজ্জাক।
কাল রাতে দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচক ফারুক আহমেদ জিয়াউর রহমানের অন্তর্ভুক্তি নিয়ে বলেছেন, ‘ব্যাটিং অর্ডারে ৭ নম্বর জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এবং সে কারণেই জিয়াউর রহমানকে দলে নেওয়া হয়েছে। সে ফর্মে আছে এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলেছে।’ তামিমকে দলের বাইরে রাখা প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা, ‘তামিম এখনো পুরোপুরি চোটমুক্ত হয়নি। তার খেলায় ফিরতে আরও সপ্তাহ খানেক সময় লাগতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই মুহূর্তে তার পুরোপুরি ফিট হয়ে ওঠার ওপরই আমরা গুরুত্ব দিচ্ছি।’
দলে সাকিব ছাড়াও বাঁহাতি স্পিনার হিসেবে আছেন রাজ্জাক ও সানি। প্রথম দুই ম্যাচে সাকিবকে পাওয়া যাবে না বলেই এ সিদ্ধান্ত—জানিয়েছেন ফারুক আহমেদ। অবশ্য এশিয়া কাপের আগে সাকিবের শাস্তি প্রত্যাহারের জন্য গতকাল রাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে অনুরোধ গেছে বাংলাদেশ দলের পক্ষ থেকে।
এশিয়া কাপের ঠিক আগে শ্রীলঙ্কা সিরিজটা বাংলাদেশ বাজেভাবেই শেষ করল। প্রধান নির্বাচক তবু আশাবাদী, ‘আমরা খুব খারাপ খেলেছি বলে মনে করি না আমি। আমাদের জন্য এখন এক-দুইটা জয় খুবই গুরুত্বপূর্ণ এবং আমার বিশ্বাস, ছেলেরা শ্রীলঙ্কা সিরিজের হতাশাজনক ফলাফল থেকে ফিরে আসবে।’
এশিয়া কাপের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), এনামুল হক (বিজয়), ইমরুল কায়েস, শামসুর রহমান, নাঈম ইসলাম, মুমিনুল হক, নাসির হোসেন, আরাফাত সানি, জিয়াউর রহমান, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও সাকিব আল হাসান।