এশিয়া কাপে নেই ধোনি

সময়টা এখন মোটেই মহেন্দ্র সিং ধোনির পক্ষে নেই। দেশের বাইরে টানা চারটি টেস্ট সিরিজে হার, ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক পড়ে গেছেন খাদে। প্রশ্ন উঠে গেছে তাঁর অধিনায়কত্ব নিয়ে। যে সৌরভ গাঙ্গুলীর ‘প্রশ্রয়’ প্রায় সর্বক্ষণিকই সঙ্গী ছিল সেই সাবেক অধিনায়ক কিনা বলছেন দেশের বাইরে ধোনির টেস্ট অধিনায়কত্ব ছিল ‘কদর্য’। আরেক সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় বলে দিলেন, পাঁচ দিনের ম্যাচ জেতার জন্য ধোনির পরিকল্পনা নিতান্তই অপর্যাপ্ত। তবে দুজনের কেউই এখনই ধোনির পদত্যাগ চান না। তাঁদের চাওয়া অন্তত ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকুক ধোনি। ভারতকে আরেকটি বিশ্বকাপ জেতাতে ধোনি সেই পর্যন্ত থাকতে পারেন কি না কে জানে, তবে চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছেন ভারতীয় অধিনায়ক।
কাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড সফরে পেটের পেশিতে টান পড়া ধোনি থাকছেন না বাংলাদেশের এশিয়া কাপে। সেরে উঠতে কমপক্ষে ১০ দিন সময় লাগবে তাঁর। নিউজিল্যান্ডে দুঃস্বপ্নের সফর কাটিয়ে কালই দেশে ফিরেছে ভারত। এশিয়া কাপে অধিনায়ক করা হয়েছে বিরাট কোহলিকে। উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে দিনেশ কার্তিককে। ধোনির অনুপস্থিতিতে এর আগে আট ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। কার্তিক দলে ফিরলেন গত জুলাই-আগস্টের জিম্বাবুয়ে সফরের পর।
এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে। এএফপি।