এশিয়া কাপে নেই রায়না

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতে দল থেকে বাদ পড়েছিলেন সুরেশ রায়না। ইশান্ত শর্মা বাদ পড়েন প্রথম দুই ম্যাচ খেলেই। তাঁদের সেই হতাশা আরও দীর্ঘায়িত হলো। ভারতের এশিয়া কাপের দলে জায়গা হয়নি রায়নার। ইশান্ত শর্মা বাদ পড়েছেন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই দল থেকেই।
গতকাল এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। রায়না এশিয়া কাপ দল থেকে বাদ পড়লেও টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন। টি-টোয়েন্টি দলে আছেন আগেই ওয়ানডে দল থেকে বাদ পড়া যুবরাজ সিংও। এশিয়া কাপে রায়নার জায়গা নিয়েছেন চেতেশ্বর পুজারা। যিনি এর আগে ওয়ানডে খেলেছেন মাত্র দুটি, গত আগস্টে জিম্বাবুয়েতে। বুলাওয়েতে ওই দুই ম্যাচে স্কোর ছিল ১৩ ও ০। তবে টেস্টে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স এবং ওয়ানডেতে রায়নার ধারাবাহিক ব্যর্থতা, দুই মিলেই হয়তো কপাল খুলেছে তাঁর।
সেঞ্চুরি দূরের কথা, সর্বশেষ ১৬ ওয়ানডেতে হাফ সেঞ্চুরিও নেই রায়নার। এই ১৬ ম্যাচে করেছেন মাত্র ২৯১ রান। গড় ২৪.২৫, সর্বোচ্চ ৩৯। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচেই ১৮৯ রান দিয়েছিলেন ইশান্ত শর্মা। ৯৪.৫০ গড়ে নিয়েছিলেন দুই উইকেট। দক্ষিণ আফ্রিকায় ভালো করলেও (২ ম্যাচে ১৯.৫০ গড়ে ৪ উইকেট) নিউজিল্যান্ডে আবার চরম ব্যর্থ। এএফপি।
এশিয়া কাপের ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, আম্বাতি রাইডু, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, বরুন অ্যারন, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র ও ঈশ্বর পান্ডে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র, মোহিত শর্মা ও বরুন অ্যারন।