এশিয়া কাপে বাংলাদেশের 'প্রাপ্তি' আরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপের সেরা উদীয়মান বাংলাদেশের ১৭ বছর বয়সী আরশাদ হোসেন। ছবি: শামসুল হক
এশিয়া কাপের সেরা উদীয়মান বাংলাদেশের ১৭ বছর বয়সী আরশাদ হোসেন। ছবি: শামসুল হক

ছিপছিপে শরীর, দোহারা গড়ন। উচ্চতা মেরেকেটে পাঁচ ফুট চার ইঞ্চি। আর যা-ই হোক, আরশাদ হোসেনকে প্রথম দর্শনে খেলোয়াড় মনে হওয়ার কোনো কারণ নেই। অথচ ছোট এই ছেলেটিই জিতে নিয়েছে এশিয়া কাপ হকির সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। বলাই যায়, ঘরের মাটিতে আয়োজিত এই প্রতিযোগিতায় এটিই বাংলাদেশের একমাত্র অর্জন।

আট দলের এশিয়া কাপে বাংলাদেশ আছে ৬-এ। পুরো প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে বাংলাদেশ গোল হজম করেছে ২৪টি। ম্যাচপ্রতি গড়ে গোল প্রায় পাঁচটি করে। কিন্তু প্রতি ম্যাচেই ঝলক দেখিয়েছে তরুণ ফরোয়ার্ড আরশাদ। টাচলাইন ধরে বল নিয়ে এগিয়ে গিয়ে সে প্রায়ই বিপাকে ফেলেছে ভারত-পাকিস্তান-জাপানের মতো দলগুলোর রক্ষণভাগকে। ১৭ বছরের ছোট এই ছেলেটিকে ঠেকাতেই হিমশিম খেয়েছেন প্রতিপক্ষের খেলোয়াড়েরা। আরশাদ স্টিকে বল আটকে দৌড়াচ্ছে আর তাকে ঠেকাতে সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে প্রতিপক্ষের আরও তিন-চারজন—এমন দৃশ্য এশিয়া কাপে বিপর্যয়কর ফলের মধ্যেও বাংলাদেশের জন্য ছিল আশা-জাগানিয়া।

আরশাদের এমন পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে হাতে হাতেই। একেবারে এশিয়ান হকি ফেডারেশনের কাছ থেকে। প্রতিযোগিতার সেরা উদীয়মান খেলোয়াড় হতে পেরে তাই ভীষণ উচ্ছ্বসিত এই তরুণ, ‘আমার লক্ষ্য ছিল প্রতিযোগিতায় ভালো খেলা। আমি চেষ্টা করেছি। তবে পুরস্কারটা পেয়ে সত্যিই খুব ভালো লাগছে।’

সাত মাস আগেও আরও সেরার পুরস্কার জিতেছিলেন আরশাদ। মার্চে অনুষ্ঠিত বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে সেরা উদীয়মান হয়েছিলেন মেরিনার্সে খেলা ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে সেটিই ছিল তার প্রথম টুর্নামেন্ট।

ঘরোয়া হকিতে শেষ প্রিমিয়ার লিগে ১৮ গোল করে লিগের তৃতীয় সেরা গোলদাতা হয়েছিল নারায়ণগঞ্জের এই ছেলে। দেশের হকির এই ঘোর অমানিশার সময় আরশাদকে উত্থান কিন্তু সত্যিই অবাক করে সবাইকে।