এশিয়া কাপে মুশফিকই অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক বিতর্কের জন্ম দিয়ে গত পরশু ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল। অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম পরে ঘোষণা করা হবে জানানোয় শুরু হয়ে গিয়েছিল গুঞ্জন—তবে কি অধিনায়কত্ব হারাচ্ছেন মুশফিকুর রহিম?মাত্রই গত অক্টোবরে অধিনায়কত্ব পেয়েছেন। নেতৃত্ব দিয়েছেন শুধু ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজে। খুব একটা খারাপও করেননি। তার পরও মুশফিকুরকে নিয়ে সংশয়ের কারণ ছিল। বিপিএলের সময় সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট আয়োজনে অব্যবস্থাপনার সমালোচনা করে যে বোর্ডের বিরাগভাজন হয়েছেন!শেষ পর্যন্ত অবশ্য সেটি অধিনায়কত্ব হারানোর কারণ হয়নি। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এশিয়া কাপে মুশফিকুর রহিমই অধিনায়ক থাকবেন। সহ-অধিনায়কও অপরিবর্তিত— মাহমুদউল্লাহ।১১ মার্চ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চার-দেশীয় এশিয়া কাপ। স্বাগতিক বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হচ্ছে আজ। তার মানে, মাত্র চার দিনের প্রস্তুতি নিয়েই ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো প্রবল প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।