এশিয়া কাপে শচীনকে চান গাঙ্গুলি
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতের ব্যাটিং আইকন শচীন টেন্ডুলকারের। চলমান ত্রিদেশীয় সিবি সিরিজে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৪৩ রান। গোটা ক্রিকেট বিশ্বেরই আকাঙ্ক্ষিত শততম শতকটিরও দেখা পাচ্ছেন না এ সময়ের সেরা এই ব্যাটসম্যান। এই মাস থেকেই শুরু হতে যাওয়া এশিয়া কাপে তিনি দলে সুযোগ পাবেন কি না, তা নিয়েও উঠছে নানা কথা। তবে ফর্মে না থাকলেও টেন্ডুলকারকে ভারতের এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। শচীনের অভিজ্ঞতাই দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভারতের সাবেক এই অধিনায়ক।আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাঙ্গুলি বলেছেন, ‘এশিয়া কাপের জন্য টেন্ডুলকারকে দলে অন্তর্ভুক্ত করাটাই সঠিক সিদ্ধান্ত হবে। তাঁর অভিজ্ঞতাটাই দলের জন্য একটা বিশাল সম্পদ। আর তরুণ ক্রিকেটাররাও তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’ ৩৯ বছর বয়সী টেন্ডুলকারের এখন শুধু টেস্টই খেলা উচিত কি না, এমন প্রশ্নের জবাবে গাঙ্গুলি বলেছেন, ‘এটা পুরোপুরি তাঁরই ব্যাপার যে, কোন ফরম্যাটের ক্রিকেট তিনি খেলতে পছন্দ করবেন।’—পিটিআই