এশিয়া কাপে শেবাগ নেই, শচীন থাকছেন
গুঞ্জনটা কয়েক দিন ধরেই চলছিল। বাংলাদেশে ১১ মার্চ থেকে শুরু হতে চলা এশিয়া কাপে বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকারের মধ্যে একজনকে দলের বাইরে রাখবেন ভারতীয় নির্বাচকেরা। সেই গুঞ্জনটা সত্যি হলো আজ।এশিয়া কাপের জন্য ঘোষিত দলে রাখা হয়নি সহ-অধিনায়ক শেবাগকে। বিধ্বংসী এই ব্যাটসম্যানকে ‘বিশ্রাম’ দিয়েছেন ভারতের নির্বাচকেরা। তবে শচীন টেন্ডুলকার থাকছেন।শেবাগের মতো বিশ্রামে রাখা হয়েছে ফাস্ট বোলার জহির খান ও উমেশ যাদবকেও। দলে ফিরিয়ে আনা হয়েছে অলরাউন্ডার ইউসুফ পাঠানকে। শেবাগের অনুপস্থিতিতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ডেপুটি হিসেবে থাকবেন বিরাট কোহলি।কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে ব্যাটে রান পাননি শেবাগ। পাঁচ ওয়ানডেতে তাঁর গড় রান মাত্র ১৩। এই বাজে পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ পড়লেন শেবাগ। অবশ্য ভারতীয় দলের প্রধান নির্বাচকের দাবি, বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে শেবাগকে। মুম্বাইয়ে সাংবাদিকদের শ্রীকান্ত বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে শেবাগ ও জহির খানকে বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা। ইনজুরির কথা ভেবেই এই দুজনকে দলে রাখা হয়নি। আমি নিশ্চিত করে বলতে পারি, কাউকেই দল থেকে ছাঁটাই করা হয়নি।’ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর, রোহিত শর্মা, সুরেশ রায়না, মনোজ তিওয়ারি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্রাভিন কুমার, বিনয় কুমার, রাহুল শর্মা, ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও অশোক দিন্দা। সূত্র: রয়টার্স।