এশিয়াডে পদকের আশা কাবাডিতে
সর্বশেষ ২০০৬ দোহা এশিয়ান গেমসে কাবাডিতে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। এরপর থেকে পুরুষ কাবাডিতে পদক-খরা। তবে এবার এশিয়ান গেমসে সেই খরা কাটাতে চায় ফেডারেশন। কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এশিয়ান গেমসে অন্তত একটা পদক জয়ের স্বপ্ন দেখছেন, ‘আগামী বছর আমরা এশিয়ান গেমসে অন্তত একটা পদক জয়ের লক্ষ্যে অংশ নেব। সেটা সোনা বা রুপা যা-ই হোক না কেন।’
কিন্তু সোনা জিততে হলে ভারত-ইরানকে টক্কর দিতে হবে। সেটি প্রায় অসম্ভব ব্যাপার। রুপাও কঠিন। ব্রোঞ্জ জিততে হলেও অনেক প্রস্তুতির প্রয়োজন। আগামী বছরের ১৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে ১৮তম এশিয়ান গেমস। এই গেমসকে ঘিরে বাংলাদেশের বিস্তারিত পরিকল্পনা জানালেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, ‘গত সপ্তাহে আমরা ট্রায়ালের মাধ্যমে ৫২ জন খেলোয়াড়কে নিয়েছি। তিন মাসের অনুশীলন ক্যাম্প শুরু হবে আগামী আগস্টে। আপাতত দেশি কোচের অধীনে অনুশীলন হলেও ভারত থেকে হাই প্রোফাইল কোচ আনব পরে।’
দ্বিতীয় বিভাগ কাবাডি শুরু: দুই বছর পর পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল শুরু হয়েছে দ্বিতীয় বিভাগ কাবাডি। উদ্বোধনী দিনে ডিএমপি ক্লাব ৪০-২১ পয়েন্টে কোয়ান্টাম ফাউন্ডেশনকে এবং কুমিল্লা স্পোর্টিং ক্লাব ৪৯-২৩ পয়েন্টে দুহুলী খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়েছে। এবারের লিগে অংশ নিচ্ছে ১৪টি দল। লিগের উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।