এশিয়াডে যাচ্ছে পুরুষ কাবাডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত বোধোদয় হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনের (বিওএ) । আগামী ১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবরে ইনচনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে পুরুষ কাবাডি দলকে পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিওএ। বাংলাদেশের জাতীয় খেলাটা বলতে গেলে হারিয়েই যেতে বসেছিল। বিশেষ করে এশিয়ান গেমসে ৩ রুপা ও ২টি ব্রোঞ্জজয়ী পুরুষ দলের প্রতি সব সময়ই বিমাতাসুলভ আচরণ করে আসছিল ফেডারেশন। কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে দল পাঠানোর সময় বিবেচনা করা হতো শুধুই মহিলা দলকে। এবারও ফেডারেশনের সুপারিশেই এশিয়ান গেমসে মহিলা কাবাডি দল পাঠানোরই সিদ্ধান্ত নিয়েছিল বিওএ। সেই অনুসারে তাদের নাম নিবন্ধনও হয়ে গেছে। অথচ ১৯৯০ সালের পর থেকে গত ২০১০ গুয়াংজু বাদে প্রতিটি এশিয়াডেই পদক জিতেছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সমালোচনার পর টনক নড়ে বিওএ কর্তাদের।
পুরুষ কাবাডি দলকে এশিয়ান গেমসে না পাঠানোর সিদ্ধান্তে খুব হতাশ হয়ে পড়েছিলেন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। কাল সিদ্ধান্ত পুনর্বিবেচনার খবরে খুবই খুশি কাবাডির সফল কারিগর, এশিয়ান গেমসে তিনটি পদক জেতানো কোচ আবদুল জলিল, ‘পুরুষ দলকে এশিয়ান গেমসে পাঠানো হবে, এটা ভালো খবর। ফেডারেশন ও বিওএ এমন সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ।’ ফেডারেশনের কোষাধ্যক্ষ আবদুল মান্নান বললেন, ‘আমরা বিওএর কর্মকর্তাদের যতটা সম্ভব বিষয়টার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের কাটিংও দেখিয়েছি। শেষ পর্যন্ত মেয়েদের দলের সঙ্গে পুরুষ দলটাও যেতে পারছে ইনচনে, এটা কাবাডির জন্য ভালো খবর।’
একসময়ের বিশ্বসেরা রেইডার জিয়াউর রহমানও খুব খুশি এই সংবাদে, ‘শেষ পর্যন্ত বিওএ পুরুষ দলকে মূল্যায়ন করেছে। এটা শুনে খুব আনন্দ লাগছে। এখন থেকেই ফেডারেশনের অনুশীলন শুরু করে দেওয়া উচিত। তাহলে এবারও অন্তত একটা পদক জিততে পারব আমরা।’