এশিয়াডেও সেই ভ্রমণের তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে গেমস হলেই বাংলাদেশ থেকে পর্যবেক্ষক যাওয়ার হিড়িক পড়ে। কদিন আগে দিল্লি কমনওয়েলথ গেমসে সরকারি খরচে গেছেন খেলার বাইরের জগতের অনেকে। আসন্ন এশিয়ান গেমসেও ব্যতিক্রম হচ্ছে না। দলের অত্যাবশ্যকীয় পদগুলোর বাইরে প্রায় ৩০ জনের বিশাল এক তালিকা প্রস্তুত হয়েছে এরই মধ্যে।‘এনওসি মেম্বার’ (জাতীয় অলিম্পিক কমিটির সদস্য) শ্রেণীতে আছে পাঁচটি নাম—ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব ওবায়দুল হক, আনিসুর রহমান (দিপু), ক্রীড়া পরিষদের সচিব শফিক আনোয়ার, ক্রীড়াসচিব মাহবুব আহমেদ ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।‘এনওসি অতিথি’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। আছেন তিনজন সাংসদ—কবিরুল হক চৌধুরী, গোলাম ফারুক খন্দকার, আমজাদ হোসেন। আরেকজনের নামও ছিল, শফিকুল আজম খান। তবে তিনি ‘আতিথ্য গ্রহণ’ করবেন না বলে জানা গেছে। ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শিবনাথ রায়ও আছেন তালিকায়। ‘সদর দপ্তর’ টিম অফিসিয়াল শ্রেণীতে থাকা ১২টি নাম ফজলুর রহমান (বাবুল), তাসনিম আকবরী, আয়েশা জামান, জোবায়দুর রহমান (রানা), শফিউর রহমান (মন্টু), লাজুল নাহার করিম কস্তুরী, রাশেদ আহমেদ শামস, মাহবুবা করিম, খন্দকার হাসান মুনীর, এ কে সরকার, রুহুল আমিন ও রিপন মিয়া। এ কে সরকার অবশ্য টিম ম্যানেজার হয়েছেন।‘এনএফ ডেলিগেশন’ (জাতীয় ক্রীড়া ফেডারেশন প্রতিনিধি) হিসেবে দেখা যাচ্ছে কাজী মোরশেদ কামাল (তায়কোয়ান্দো ফেডারেশনের সভাপতি), কাশেম হুমায়ুন, লে. জেনারেল মইনুল ইসলাম (আর্চারি ফেডারেশনের সভাপতি) ও সাজেদ আদেলের নাম। লে. জেনারেল মইনুলের যাওয়ার কথা ছিল আর্চারির কংগ্রেসে। কংগ্রেস হচ্ছে না, তাই তাঁর না যাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে।‘সদর দপ্তর অফিসিয়াল’ ও ‘এনএফ ডেলিগেশন’ শ্রেণীতে দু-তিনজন বাদে বাকিরা নিজ খরচে যাবেন বলে দাবি করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে একটি সূত্রের দাবি, এই ১৬ জনের শেষ পর্যন্ত কেবল ৭-৮ জনই নিজ খরচে যেতে পারেন। ‘এনওসি থার্ড ডেলিগেশন’ হিসেবে তালিকায় আছেন বিওএর সিইও কর্নেল (অব.) ওয়ালিউল্লাহ। একজন প্রেস অ্যাটাশেও যোগ হয়েছেন বহরে। বিওএ প্রধান এবং মহাসচিব আমন্ত্রিত অতিথি হিসেবে আছেনই। মন্ত্রণালয় তালিকাটি কাটছাঁট করতে পারে বলে অনুমান বিওএর কারও কারও। তবে কাল পর্যন্ত তেমন খবর পাওয়া যায়নি। উল্টো দুটি নাম (কামরুন্নাহার ডানা ও ইমতিয়াজ আহমেদ বাবুল) যোগ করার জন্য নাকি বলা হয়েছে!গুয়াংজু আগামী ১২-২৭ নভেম্বর ১৬তম এশিয়ান গেমসে বাংলাদেশের খেলোয়াড় মোট ১৫৩ জন। পুরুষ কোচ-কর্মকর্তা ৪৮ জন। মহিলা কর্মকর্তা ১০ জন। শেষ মুহূর্তে জিমন্যাস্টিকস বাদ পড়ায় ১৬টি খেলায় অংশ নেবে বাংলাদেশ।ক্রিকেট-কাবাডি বাদে আর কোনো পদকের সম্ভাবনা নেই বললেই চলে। সরকারি টাকায় এই বিশাল বহরের বিদেশ ভ্রমণ থেকে ক্রীড়াঙ্গন কী পাবে? বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি।