এশিয়াডের আগে আত্মবিশ্বাসী নাভিদ
শেওলা পড়া অ্যাস্ট্রো টার্ফটা চকচকে সবুজ। রংমিস্ত্রিরা ফেডারেশনের কলাপসিবল গেট নতুন করে রাঙাতে ব্যস্ত। স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরের ফ্রেমটাতে করা হচ্ছে পোলিশ। ডাগআউটের স্টিলের বেঞ্চগুলো আরও রুপালি হচ্ছে, পাশেই গ্রিল মেশিনের শব্দে কান পাতা দায়। ঝা-চকচকে মাঠে অনুশীলনে ব্যস্ত মিমো, চয়নরা।
৫ সেপ্টেম্বর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ড। আন্তর্জাতিক এই টুর্নামেন্টের জন্য ফেডারেশন কর্তারা মহা ব্যস্ত। জাতীয় দলের পাকিস্তানি কোচ নাভিদ আলমের ব্যস্ততা আসল খেলা নিয়ে।
বিশ্ব হকি লিগের ওয়েবসাইটে দেওয়া নতুন সূচি অনুযায়ী খেলা শুরুর কথা ছিল ২ সেপ্টেম্বর। কিন্তু আয়োজকদের আপত্তিতে শেষ পর্যন্ত পুরোনো সূচিই বহাল রেখেছে এফআইএইচ (আন্তর্জাতিক হকি ফেডারেশন)। হকি লিগের পরই এশিয়ান গেমস। এই টুর্নামেন্টকে এশিয়াডের প্রস্তুতির বড় উপলক্ষ হিসেবে দেখছে হকি দল।
গত আগস্টেই ভারতের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সব ম্যাচে হারলেও খেলোয়াড়দের লড়াই করার মানসিকতা দেখে খুব খুশি নাভিদ, ‘প্রায় ৫০ দিনের প্রস্তুতিতে চেষ্টা করছি ছেলেদের আত্মবিশ্বাসী করে তুলতে। ওরা যাতে হারার আগে হেরে না যায়, সেটাই বোঝানোর চেষ্টা করেছি। আগে দেখতাম অনেক ভালো মানের খেলোয়াড় থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ২-১টা গোল দিয়ে দিলেই দল হাল ছেড়ে দিত। কিন্তু ভারতের সঙ্গে দ্বিতীয় ম্যাচে ৫ গোল খেয়েও শেষ সেকেন্ড পর্যন্ত লড়াই করেছে ওরা। এটাই আমাদের অর্জন।’
সাব্বির রানা চোট পেয়ে মাঠের বাইরে। শেখ নান্নু পরীক্ষার কারণে দলে নেই। বাংলাদেশ দলের মাঝমাঠে একটু সমস্যা হতে পারে। কিন্তু ওঁদের বিকল্প হিসেবে নাভিদ আস্থা রাখছেন কৌশিক, সারোয়ার ও মিলনের ওপর। হকি লিগের ঢাকা পর্বে বাংলাদেশ খেলবে হংকং ও শ্রীলঙ্কার সঙ্গে। সেরা দুই দল উঠবে পরের রাউন্ডে। এবারও দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন দেখছেন নাভিদ, ‘আমাদের লক্ষ্য পরের রাউন্ডে ওঠা। সেই সুযোগ আমাদের ভালোই আছে।’
৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ৭ সেপ্টেম্বর হংকং। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী পরশু ঢাকায় আসবে হংকং, ৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা।