এশিয়াডের কাবাডি ক্যাম্পের মেয়েরা খেলছেন হ্যান্ডবল!
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে ঢুকতেই চোখে পড়বে একদল মেয়ের ছোটাছুটি। ইউনাইটেড অয়েল মহিলা হ্যান্ডবল লিগকে উৎসবে পরিণত করে তুলেছেন শাহনাজ মালেকা, মাহমুদা, মালেকা পারভীনরা। তবে হ্যান্ডবল খেলোয়াড়ের বাইরেও এঁদের আরেকটি পরিচয়—এঁরা সবাই আসন্ন এশিয়ান গেমসের মহিলা কাবাডি দলের খেলোয়াড়। ক্যাম্প ছেড়ে দলের নির্ভরযোগ্য খেলোয়াড়েরা এখন অংশ নিচ্ছেন জাতীয় মহিলা হ্যান্ডবল লিগে।আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের জন্য কাবাডি দলের ক্যাম্প শুরু হয়েছে গত জুন থেকে। কিন্তু ক্যাম্পে থাকা এসব খেলোয়াড় এখন ব্যস্ত মহিলা হ্যান্ডবলে। এশিয়াডে পদক পাওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছে কাবাডির নাম। দুর্বল পুরুষ দলের চেয়ে এবার আশার জাল বোনা হচ্ছে এই মেয়েদের ঘিরেই। কিন্তু হ্যান্ডবল খেলতে গিয়ে কেউ যদি চোট পায় সেই দায়িত্ব নেবে কে?ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেন জানান, ‘বাস্তবতা হলো আমাদের বেশির ভাগ মেয়েই একাধিক খেলায় অংশ নেয়। এরা কেউ কেউ আনসারে চাকরি করে। এদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধেই হ্যান্ডবল খেলতে অনুমতি দিতে বাধ্য হয়েছি। তবে ওরা যেন ইনজুরিতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে বলে দিয়েছি।’ প্রশ্ন হলো, আগে থেকেই কি অনুমান করা সম্ভব কোন খেলোয়াড় কীভাবে ইনজুরিতে পড়বে? এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ফেডারেশনের নির্বাহী কমিটির অনেক সদস্য। তাঁরা বিষয়টিকে ফেডারেশনের সাধারণ সম্পাদকের একগুঁয়েমি সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। টুর্নামেন্টে আজাদ স্পোর্টিংয়ের হয়ে খেলছেন শাহনাজ মালেকা, শান্তা, নিশি। ফ্লেইম গার্লস ক্লাবে মালেকা পারভীন, মাহমুদা, ফারজানা বেলী। গফুর বেলুচে সাথী ও কোহিনুর। আজাদের অধিনায়ক রেহানার দাবি, ‘আমি হামিদা আপা ও ছবি আপার (জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ও আজাদের কর্মকর্তা) অনুরোধেই খেলছি।’ খোঁজ নিয়ে জানা গেল, শাহনাজ মালেকা এবারে লিগে পাচ্ছেন ১০ হাজার টাকা। অন্যরা ৫ হাজার থেকে ২ হাজারের মধ্যে। এই অল্প টাকার জন্য যদি ইনজুরিতে পড়েন তাহলে কী হবে? নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় জানান, ‘এ কথার কোনো উত্তর দিতে পারব না।’ এসব ব্যাপারে যেখানে ফেডারেশনেরই কোনো জবাব নেই, সেখানে খেলোয়াড়দের নির্বাক থাকাটাই স্বাভাবিক।আজাদ, আরামবাগ, মেরিনার্সের জয়: জাতীয় মহিলা হ্যান্ডবলে কালকের খেলায় আজাদ স্পোর্টিং ২৫-৫ গোলে গফুর বেলুচ স্মৃতি সংসদকে, আরামবাগ ১৬-২ গোলে রয়েল হ্যান্ডবল ক্লাবকে ও মেরিনার্স ১৭-১২ গোলে মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে হারিয়েছে।