এশিয়াডের দল নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজবাহ আহমেদ , মাহফিজুর রহমান , নাজমুন নাহার
মেজবাহ আহমেদ , মাহফিজুর রহমান , নাজমুন নাহার

দেশে ক্রীড়াবিদ তৈরির প্রবাহ এমনিতেই কমছে। সেটিকে বাড়ানোর দৃশ্যমান কোনো উদ্যোগও নেই। তার ওপর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বিতর্কিত এক সিদ্ধান্তে ক্রীড়াবিদ তৈরির পথই রুদ্ধ হতে চলেছে।
গত মাসে স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমসে যাওয়া ১০টি খেলার নয়টিই আগামী মাসের এশিয়ান গেমস থেকে বাদ দিয়েছে বিওএ! অ্যাথলেটিকস, সাঁতারের সঙ্গে ছাঁটাই তালিকায় পড়েছে ব্যাডমিন্টন, টিটি, সাইক্লিং, ভারোত্তোলন, বক্সিং, জিমন্যাস্টিকস ও কুস্তি। বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজার যুক্তি, ‘কমনওয়েলথ গেমসে এই খেলাগুলো খারাপ করায় এশিয়াডে বাদ। শ্যুটিং ভালো করেছে বলে ওদের এশিয়াডে পাঠানো হচ্ছে।’
কমনওয়েলথে বাংলাদেশের পক্ষে একমাত্র পদকটি জিতেছেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে রুপা। বিওএ মহাসচিবের বক্তব্য অনুযায়ী, এশিয়াডে শুধু বাকিরই সুযোগ পাওয়া উচিত। অথচ এশিয়াডে শ্যুটিং দলে ১২ জন শ্যুটার!
বিওএর সিদ্ধান্ত তাই পরস্পরবিরোধী। তা ছাড়া এশিয়ান গেমসে নেওয়া হচ্ছে বিচ ভলিবল, কারাতে, উশুর মতো সম্ভাবনাহীন অপ্রচলিত খেলা! বিওএ মহাসচিব বলছেন, ‘এই দলগুলো কমনওয়েলথ গেমসে পরীক্ষা দেয়নি, তাই এশিয়াডে সুযোগ দেওয়া হচ্ছে।’ যুক্তি বটে!
ঘটনা হলো, গেমসে ক্রীড়াবিদ পাঠানো নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। তদবির করে আলোচনায় নেই এমন কোনো খেলা ঢুকে পড়লে এবং অযাচিত কর্মকর্তার বহর গেলেই সমালোচনা হয়। এবারের কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ৬৯ জনের দলে ‘অতিথি কর্মকর্তা’ই ছিলেন ২৪ জন! অথচ প্রথম কোপটা পড়ল ক্রীড়াবিদদের ওপর!
একজন ক্রীড়াবিদকে সারা বছর অনুশীলন সুবিধা না দিয়ে গেমস এলে তাঁর কাছে ফল চাওয়া অন্যায়। দীর্ঘ সময় নিবিড় অনুশীলন হলে ফল আসে, সেই প্রমাণ তো আছেই। বিওএর সাবেক মহাসচিব কুতুবউদ্দিন আহমেদের উদ্যোগে সারা বছর অনুশীলন হয়েছিল বলেই ২০১০ এসএ গেমসে বাংলাদেশে দারুণ ফল করেছিল (১৮টি সোনা)।
সেই ধারা বর্তমান কমিটি এগিয়ে নিতে পারেনি। কমনওয়েলথ আর এশিয়াডের জন্য কার্যকর প্রশিক্ষণ কমই হয়েছে বা হচ্ছে। তার পরও বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ কমনওয়েলথে ১০০ মিটার স্প্রিন্টে ক্যারিয়ার-সেরা টাইমিং করে এসেছেন। অথচ বিওএর সিদ্ধান্তে এখন আর বড় কোনো গেমসে সুযোগ না পেলে তিনি খেলবেন কেন?
মেজবাহর মনেও এই প্রশ্ন, ‘গেমসে সবাই পদক পায় না, তবু যায়। তা ছাড়া আমাদের দেশে অ্যাথলেট নেই। আমরা দু-চারজন আছি। এখন বড় গেমসে না পাঠালে উৎসাহ হারিয়ে এক সময় হয়তো খেলাই ছেড়ে দেব। বছরে একবার ন্যাশনাল খেলে ভালো খেলোয়াড় হওয়া যায় না।’
মহিলা স্প্রিন্টার নাজমুন নাহার বিউটিও মেজবাহর সঙ্গে কণ্ঠ মিলিয়ে যোগ করছেন, ‘অ্যাথলেটিকসে দু-একজনকেই গেমসে পাঠানো হয়। সেটাও বন্ধ হওয়া মানে এই খেলাটা আরও আকর্ষণ হারিয়ে ফেলবে। আর কেউ আসবে না খেলতে।’
দেশের সেরা সাঁতারু মাহফিজুর রহমান সাগরও কমনওয়েলথে খারাপ করেননি। বিওএর সিদ্ধান্তে তিনিও তাই চরম হতাশ, ‘আমরা যে সুযোগ-সুবিধা পাই, তার চেয়ে অনেক ভালো ফল করি গেমসে। কমনওয়েলথে ১০০ মিটার ফ্রি স্টাইলে আমার টাইমিং দেখে ভারতীয় সাঁতারুরাও অবাক হয়েছে। ওরা জিজ্ঞেসও করেছে, কীভাবে এত ভালো করলাম? বড় গেমসে না পাঠালে আমাদের র্যাঙ্কিং ভালো হবে না। অনেক পিছিয়ে পড়ব। হয়তো আর এগিয়ে যাওয়ার স্বপ্নও দেখব না।’
সত্যিই তো। দেশের দ্রুততম মানব, সেরা সাঁতারুও যদি এশিয়ান গেমসে অংশ নেওয়ার সুযোগ না পান, তাঁরা কিসের স্বপ্ন দেখবেন? বিওএ সহসভাপতি ও কমনওয়েলথ গেমসে শেফ ডি মিশন হারুনুর রশিদ এ নিয়ে নানা প্রশ্নে শুধু বললেন, ‘যা বলার মহাসচিব বলবেন। বিওএর অন্য কর্মকর্তাদের এ বিষয়ে কিছু বলা বারণ আছে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিওএরই এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘খেলোয়াড়দের কিছু না দিয়ে তাদের কাছে চাওয়া অন্যায়। বাইরে দল পাঠানোর ব্যাপারে একটা নীতি থাকা ভালো, তবে তাড়াহুড়ো করে এভাবে এশিয়াড থেকে অ্যাথলেটিকস-সাঁতারের মতো খেলাগুলো ঢালাও বাদ দেওয়া ক্রীড়াঙ্গনের জন্য খারাপ সংকেত। খেলোয়াড়েরা উৎসাহ হারিয়ে ফেলবে।’
দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে যুক্ত ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদও একমত, ‘খেলোয়াড়দের ভালো ট্রেনিং, ভালো খাবার, ভালো পকেট মানি দিতে পারি না আমরা। ফল আসবে কীভাবে? এভাবে হুট করে সিদ্ধান্ত না নিয়ে এনএসসি, মন্ত্রণালয়, বিওএ, ফেডারেশন সবাই মিলে বসে সিদ্ধান্ত নিলে ভালো হতো।’
বিওএর হাতে সেই সময় কই?

হতাশার উচ্চারণ
মেজবাহ আহমেদ
বড় গেমসে না পাঠালে উৎসাহ হারিয়ে একসময় হয়তো খেলাই ছেড়ে দেব। বছরে একবার ন্যাশনাল খেলে ভালো খেলোয়াড় হওয়া যায় না
মাহফিজুর রহমান
বড় গেমসে না পাঠালে আমাদের র্যাঙ্কিং ভালো হবে না। অনেক পিছিয়ে পড়ব। হয়তো আর এগিয়ে যাওয়ার স্বপ্নও দেখব না
নাজমুন নাহার
অ্যাথলেটিকসে দু-একজনকেই গেমসে পাঠানো হয়। সেটাও বন্ধ হওয়া মানে এই খেলাটা আরও আকর্ষণ হারিয়ে ফেলবে