এশিয়াডের পর সুপার কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মৌসুম শেষের পথে।শেষ টুর্নামেন্ট হওয়ার কথা সুপার কাপ। প্রতিবছর এই সময়ে কোটি টাকার সুপার কাপ নিয়ে তোড়জোড় শুরু হয়ে যায় ক্লাবগুলোয়।কিন্তু এবার তা হচ্ছে না। বাফুফে সুপার কাপ পিছিয়ে দিয়েছে। কাল এ সিদ্ধান্ত হয়েছে বাফুফের নির্বাহী কমিটিতে।
আগামী ১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ইনচন থেকে দল ফিরলে সুপার কাপ মাঠে গড়াবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আপাতত সুপার কাপে ‘জাতীয় স্বার্থে’ গেমসের প্রস্তুতিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এবারের সুপার কাপে খেলবে প্রিমিয়ার লিগের শীর্ষ ছয়টি দল। গত বছর শুধুই স্থানীয় ফুটবলার নিয়ে হয়েছিল কোটি টাকার এই টুর্নামেন্ট। এবারও স্থানীয়রাই খেলবেন, কোনো বিদেশি নয়।
কিন্তু যে গেমসের জন্য এত আয়োজন, তার প্রস্তুতি কবে শুরু, আপাতত অজানাই। কোচ লোডভিক ডি ক্রুইফ ঢাকায় নেই। হল্যান্ড থেকে তাঁকে কবে ঢাকায় আনা হবে—এ ব্যাপারে কোনো পরিকল্পনা বাফুফের আছে বলে মনে হচ্ছে না। শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানাচ্ছেন, ঈদের সপ্তাহ খানেক পর শুরু হতে পারে অনুশীলন। কোচ ঢাকায় আসার অপেক্ষায় রয়েছেন, কিন্তু আর্থিক সংকটের কারণে তাঁকে ঢাকায় আনছে না বাফুফে। শোনা যাচ্ছে, আগস্টের প্রথম সপ্তাহে আনা হতে পারে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল বললেন, ‘এই বছর আমরা বঙ্গবন্ধু গোল্ডকাপ করব।’ বঙ্গবন্ধু কাপ হলে সেটা কখন? এটা বড় প্রশ্ন। সুপার কাপই বা কবে? ফুটবলারদের নতুন ক্লাবে যোগ দেওয়ার তোড়জোড়ও শুরু হয়ে যাবে শিগগিরই। খেলোয়াড়েরা তখন পুরোনো ক্লাবের প্রতি কতটা দায়বদ্ধ থাকবেন, প্রশ্ন আছে তা নিয়েও। এসব বিবেচনায় এবার দলবদলও শুরু হবে দেরিতে। কিন্তু কবে? সেটাও ঠিক হয়নি। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে ২৪ জুলাই বাফুফের আরেকটি সভা হবে।