এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁ কাল থেকে
সর্বশেষ ২০০৯ সালের অক্টোবরে বাংলাদেশে হয়েছিল এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁ। বিকেএসপিতে কাল থেকে আবারও শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। একই দিনে শুরু হবে এশিয়ান যুব আর্চারিও। বাংলাদেশে এই আসর এবারই প্রথম। দুটি প্রতিযোগিতাই বিকেএসপিতে হলেও ৩১ মে সোনা নিষ্পত্তির ম্যাচগুলো হবে আর্মি স্টেডিয়ামে।টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, ভুটান, জর্জিয়া, ইরাক, কাজাখস্তান, চীনা তাইপে, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, তাজিকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। গ্রাঁ প্রিঁতে রিকার্ভ বো ও কম্পাউন্ড বো এই দুই ইভেন্ট হলেও যুব চ্যাম্পিয়নশিপে শুধুই রিকার্ভ বোয়ে খেলা হবে।গত এশিয়ান গ্রাঁ প্রিঁতে দলগত ও ব্যক্তিগত দুই বিভাগেই ভারতের কাছে হেরে সোনা জিততে পারেনি বাংলাদেশ। এবারও সোনা জয়ের কোনো নিশ্চয়তা দিতে চাইছেন না ফেডারেশন কর্মকর্তারা। কাল সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ জানালেন, ‘আমরা ছেলেদের ওপর প্রত্যাশার চাপ দিতে চাই না। ওরা নির্ভার হয়ে খেলুক। প্রত্যাশার চাপেই সেবার ওরা ভালো খেলতে পারেনি।’সাত দিনব্যাপী টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গ্রামীণফোন। প্রথমবারের মতো আর্চারির সঙ্গে যুক্ত হলেও দীর্ঘ মেয়াদে এই ফেডারেশনের সঙ্গে থাকতে চায় প্রতিষ্ঠানটি। কাল এক সংবাদ সম্মেলনে জানালেন ফেডারেশন সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম। উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবিরসহ আরও অনেকে।