এশিয়ান গেমসে ভালো করতে চান ওঁরা
স্টেডিয়ামে ঢুকেই পিঠে ঝোলানো কাপড়ের ব্যাগ আর হকিস্টিক কভার এক পাশে সযত্নে সরিয়ে রাখলেন শেখ মোহাম্মদ নান্নু। তাঁর পেছন পেছন ঢুকলেন গোলরক্ষক জাহিদ হোসেন ও মাকসুদ আলম (হাবুল)। শেষ বিকেলে ব্যস্ত পায়ে তাঁরা চলে গেলেন সহকারী কোচ বরকতউল্লাহর (চপল) কাছে। এশিয়ান গেমসের প্রাথমিক দলের ক্যাম্পে ডাক পাওয়া এই খেলোয়াড়েরা কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এসেছিলেন রিপোর্টিংয়ের জন্য।তাঁদের রিপোর্ট করার কথা ছিল প্রধান কোচ পিটার গেরহার্ডের কাছে। কিন্তু জার্মান কোচের দায়িত্বটি সারলেন তাঁর সহকারী। প্রাথমিক দলের ২৯ জনের মধ্যে মাঠে এসেছিলেন ২১ জন। বাকি ৮ জনের ব্যাপারে বরকতউল্লাহর ভাষ্য, ‘ওরা আজকালের মধ্যে ক্যাম্পে চলে আসবে।’ ফেডারেশন সূত্রে জানা গেছে, কোচ গেরহার্ডের সঙ্গে ফেডারেশনের আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলেই তিনি মাঠে আসেননি।তবে গতকাল রাতেই গেরহার্ডের সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার কথা ফেডারেশনের। আজ জানানো হবে চুক্তির বিস্তারিত। খেলোয়াড়দের জার্মানি-যাত্রার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ভিসাপ্রাপ্তি সাপেক্ষে ২৮ আগস্টে যাওয়ার সম্ভাবনাই বেশি। জার্মানিগামী দলে নতুন সুযোগ পেয়েছেন জাহিদ হোসেন, মাকসুদ আলম, এনামুল কবির, শামসুল আলম, ইমরান আহমেদ, হাসান যুবায়ের ও সৈয়দ আল মাসুম। জার্মানির বনে খেলবেন ১০ জন। বাকি আটজন খেলবেন ডুইসবার্গ, র্যাফেলবার্গ ও অস্ট্রিয়ার ভিয়েনায়। জার্মানিতে যেতে পারেননি গতবার, তবে ইংল্যান্ডের ভক্সাল ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে জাতীয় দলের স্ট্রাইকার মাকসুদ আলমের। এবারের সফরকে নিজেদের অভিজ্ঞতা বাড়ানোর বড় সুযোগ বলেই মানছেন তিনি, ‘কোচ বলেছেন সপ্তাহে দুই দিন করে ম্যাচ। এক দিন অনুশীলন। সবাই একসঙ্গে যাতে অনুশীলন করতে পারি সেটার ব্যবস্থা করা হবে। এটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা, বাড়তি অভিজ্ঞতা।’ গত মে মাসের ঢাকায় বাছাইপর্বের জঘন্য পারফরম্যান্সে ১২ দলের এশিয়ান গেমসে ১১তম হয়ে চীনে যাচ্ছে বাংলাদেশ। তবে বাছাইপর্বের দুঃস্মৃতি ভুলে এখন সামনের দিকে তাকাতে চান মাকসুদ আলম, ‘ভালো খেলতে পারিনি বলে বাছাইপর্বে আমাদের অমন রেজাল্ট হয়েছে। তবে ওসব ভুলে এশিয়ান গেমসে ভালো করতে চাই। কাতারে গতবার সপ্তম হয়েছিলাম। এবারও ওই স্থানটা ধরে রাখতেই হবে।’ গতবার ইউরোপ সফরে দলের সঙ্গে অনিয়মিত ছিলেন কোচ গেরহার্ড। এবার দলের সঙ্গে তিনি একজন ফিটনেস কোচ থাকবেন বলে জানিয়েছেন নান্নু, ‘গতবার আমাদের সঙ্গে কোনো অভিভাবক ছিল না। কিন্তু এবার সার্বক্ষণিক একজন ফিটনেস কোচ থাকবেন।’ এবার অস্ট্রিয়ার ভিয়েনায় খেলবেন মশিউর রহমান, এনামুল, পুষ্কর খীসা ও কৃষ্ণ। এঁদের ছাড়া বাকি ১৪ জনকে সপ্তাহে এক দিন করে অনুশীলন করানো হবে বলে জানা গেছে।