এশিয়ান গেমসে যাওয়ার লড়াই

রাস্তার মোড়ে, ফুটওভার ব্রিজে, সড়কদ্বীপের মাঝে চোখে পড়ছে বিলবোর্ড আর ব্যানার। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সাদরে স্বাগত জানাতে প্রস্তুত নগরবাসী। ক্রিকেট মহাযজ্ঞের মধ্যে ঢাকায় আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতাও শুরু হচ্ছে আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। ফাইনাল ২৩ মার্চ। আট জাতির টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে ওমান, শ্রীলঙ্কা, চীনা তাইপে, কাতার। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী সিঙ্গাপুর, হংকং ও ইরান। শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান। আট দলে ছয়টি যাবে চূড়ান্ত পর্বে, যারা আগামী সেপ্টেম্বরে ইনচনে অনুষ্ঠেয় ১৭তম এশিয়ান গেমসে খেলবে।
টুর্নামেন্ট নিয়ে আয়োজক বাংলাদেশ হকি ফেডারেশন ভীষণ ব্যস্ত। পরশু সব দলই চলে এসেছে ঢাকায়। এরই মধ্যে বাংলাদেশ বিমানবাহিনীর সহযোগিতায় সচল করা হয়েছে বিকল স্কোরবোর্ড, যেটি গত এসএ গেমসের সময় আনা হয়েছিল মালয়েশিয়া থেকে। ওই গেমসটার পরই বিকল হয়ে পড়া বোর্ডটা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও সচল করতে পারেনি। এনএসসি নাকি ওটা চালু করতে ১৫ লাখ টাকার বাজেটও দিয়েছিল সরকারকে! কিন্তু বিমানবাহিনীর প্রকৌশলীদের সহযোগিতায় মাত্র দেড় লাখ টাকায় সেটি চালু করা গেল!
সর্বশেষ এশিয়ান গেমস বাছাই হকির স্বাগতিকও ছিল বাংলাদেশ। সেবার ছোটখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছিল, তবে এবার তেমন কিছু করার উদ্যোগ নেওয়া হয়নি। এশিয়ান হকি ফেডারেশনই নাকি এটি বাদ দিতে বলেছে। টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলোসহ ৭টি খেলা সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।
এই টুর্নামেন্টের আগে বিদেশি কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত বিমান, নৌ ও সেনাবাহিনীর খেলোয়াড়দের নিয়ে গড়া হকি ফেডারেশন একাদশের সঙ্গে কাল খেলেছে একমাত্র প্রস্তুতি ম্যাচ। জাতীয় দল তাতে জিতেছে ৬-০ গোলে। প্রিমিয়ার লিগে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মশিউর রহমান (বিপ্লব)। বিপ্লবের বিকল্প হিসেবে দলে আসা ডিফেন্ডার বাবু কাল ভালোই খেললেন। তারুণ্যদীপ্ত দলটিকে অবশ্য প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩০ মিনিট!
এশিয়ান গেমসের বাছাইপর্বে বাংলাদেশের খেলা শুরু হবে কাল। প্রথম ম্যাচের প্রতিপক্ষ হংকং। এই হংকংয়ের সঙ্গে সর্বশেষ এশিয়ান গেমসের বাছাইপর্বে ড্র করেছিল বাংলাদেশ।
গত এশিয়া কাপের বাজে পারফরম্যান্সের প্রভাব এই টুর্নামেন্টে পড়তে দিতে চান না খেলোয়াড়েরা। দলের ঐক্য ফেরাতে টিম ম্যানেজমেন্ট বেশ সতর্ক। খেলোয়াড়দের মুঠোফোন রাত ১০টার মধ্যেই জমা নেওয়া হচ্ছে। অনুশীলন শেষ না হওয়ার পর সেটা কারও হাতে দেওয়া হচ্ছে না।
টুর্নামেন্টে ফেবারিট হিসেবেই খেলবে বাংলাদেশ। তবে ওমানকেও হালকা করে দেখার সুযোগ নেই। গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো দোহায় হওয়া পশ্চিম এশিয়া কাপ হকিতে ইরান ও কাতারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওমান। টুর্নামেন্টে সিঙ্গাপুরও যথেষ্ট শক্তিশালী। গতবার এই সিঙ্গাপুরের কাছেই হেরে গিয়েছিল বাংলাদেশ।
গতবার ছয় দলের প্রতিযেগিতায় বাংলাদেশ হয়েছিল পঞ্চম। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামতে চান মামুনুররা।
খেলার সূচি
ম্যাচ সময়
১৫ মার্চ ওমান-চীনা তাইপে বেলা ২টা
শ্রীলঙ্কা-কাতার বিকেল ৪টা
১৬ মার্চ সিঙ্গাপুর-ইরান বেলা ২টা
বাংলাদেশ-হংকং বিকেল ৪টা
১৭ মার্চ শ্রীলঙ্কা-ওমান বেলা ২টা
চীনা তাইপে-কাতার বিকেল ৪টা
১৮ মার্চ হংকং-ইরান বেলা ২টা
বাংলাদেশ-সিঙ্গাপুর বিকেল ৪টা
১৯ মার্চ চীনা তাইপে-শ্রীলঙ্কা বেলা ২টা
ওমান-কাতার বিকেল ৪টা
২০ মার্চ হংকং-সিঙ্গাপুর বেলা ২টা
বাংলাদেশ-ইরান বিকেল ৪টা
২২ মার্চ গ্রুপ ‘এ’ তৃতীয়-গ্রুপ ‘বি’ চতুর্থ সকাল ৯টা
গ্রুপ ‘বি’ তৃতীয়-গ্রুপ ‘এ’ চতুর্থ বেলা ১১-১৫ মি.
গ্রুপ ‘এ’ ১ম-গ্রুপ ‘বি’ ২য় বেলা ১টা
গ্রুপ ‘বি’ ১ম-গ্রুপ ‘এ’ ২য় বেলা ৩-১৫ মি.
২৩ মার্চ ৭ম ও ৮ম স্থান নির্ধারণী ম্যাচ সকাল ৯টা
৫ম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ বেলা ১১-১৫ মি.
৩য় ও ৪র্থ স্থান নির্ধারণী ম্যাচ বেলা ১টা
ফাইনাল বেলা ৩-১৫ মি.
* সব ম্যাচ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে