এশিয়ান জুরখানে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা রঙের ব্যানার আর বর্ণিল পতাকায় ঘেরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকলে বিশালদেহী পালোয়ানদের কুস্তির নানা কসরতের ছবি আপনার নজর কাড়বেই। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল শুরু হওয়া তৃতীয় এশিয়ান জুরখানে চ্যাম্পিয়নশিপের জন্যই এই আয়োজন।অংশ নেওয়ার কথা ছিল ২৬টি দেশের। কিন্তু ঢাকায় এসেছে ১২টি দেশ। ইরানের ঐতিহ্যবাহী জুরখানে কুস্তি অপরিচিত বাংলাদেশে। ফারসি শব্দ ‘জুর’ অর্থ শক্তি। ‘খানে’ হচ্ছে শক্তির ঘর। দুইয়ে মিলে জুরখানে। খেলা শুরুর আগে উঁচু একটি আসনে বসে ঢোলের মতো বিশালাকৃতির বাদ্যযন্ত্র ‘জারব’ বাজানোর সঙ্গে সঙ্গে উচ্চ কণ্ঠে ফারসি গান গাইতে থাকেন ‘মোরশেদ’। তাঁর মাথার ওপর বড় একটি ঘণ্টা বাঁধা। গানের পাশাপাশি গোলাকার মঞ্চে চলে খেলা। চার্কেভিজ, পাজেদান, মিলবাজি, মিলগেরেত্তিন, তাকতেসেনা এবং স্যাং—জুরখানের একেকটি ইভেন্ট পর্যায়ক্রমে চলতে থাকে।অলিম্পিকে জুরখানে ঢোকাতেই বিশ্বের বিভিন্ন দেশে ইরান জুরখানে খেলাটি জনপ্রিয় করতে উদ্যোগী হয়েছে। ঢাকায় এমন একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরে দারুণ খুশি ইরান জুরখানে ফেডারেশনের কর্মকর্তারা। খেলা শুরুর আগে ২২ মিনিটের একটি প্রামাণ্যচিত্র পরিবেশন করে সেন্টার ফর এশিয়ান থিয়েটার। যেখানে ফুটে ওঠে ১৯৪৮ সালের ব্রিটিশবিরোধী আন্দোলন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, এরপর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দিয়ে শেষ হয় অনুষ্ঠান। টুর্নামেন্টের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।