এশিয়ান ট্যুর অভিযানে সিদ্দিকুর
২০১০-এর আগস্টে ব্রুনাই ওপেনে চ্যাম্পিয়ন হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন সিদ্দিকুর রহমান। এশিয়ান ট্যুরে প্রথম এই সাফল্য তাঁকে নিয়ে দেশবাসীর প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল আরও। কিন্তু গত দুই বছর এশিয়ান ট্যুরে আর কোনো শিরোপা জিততে পারেননি দেশসেরা গলফার। এ বছর এশিয়ান ট্যুরের প্রথম টুর্নামেন্ট শুরু হচ্ছে ইয়াঙ্গুনে। আর তাতে অংশ নিতে কাল রাতেই মিয়ানমারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সিদ্দিকুর। তাঁর আশা, খারাপ দুটি বছর পেছনে ফেলে এখানেই শুরু করবেন নতুন করে।ইয়াঙ্গুনের রয়্যাল মিনগালারদন গলফ কোর্সে ২১-২৪ ফেব্রুয়ারি হবে জায়কাবার মিয়ানমার ওপেন। মিয়ানমারে খেলার আগে দেশে জিতেছেন গ্রামীণফোন বাংলাদেশ মাস্টার্স গলফ ও সামিট ওপেন। সিদ্দিকুরের বিশ্বাস, বাংলাদেশ মাস্টার্স ও সামিট ওপেনে ভালো খেলার সুফল পাবেন মিয়ানমারে, ‘আমার আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়েছে। এবার প্রস্তুতিও ভালো হয়েছে। ইনশাআল্লাহ, এবারের এশিয়ান ট্যুরে ভালো কিছু করতে পারব।’ গত বছর ভালো করতে না-পারার আরেকটা কারণ ছিল তাঁর পিঠের ব্যথা। ওই সমস্যাটাও এখন নেই বলে সাহস পাচ্ছেন ভালো করার, ‘আপাতত আমার শারীরিক কোনো সমস্যা নেই। পুরো ফিট।’ শারীরিক সমস্যা নেই, মনস্তাত্ত্বিক সমস্যা যদি কিছু থাকে, সেটি কাটিয়ে উঠতে কাজে লাগাবেন কোচ টড জোনসের পরামর্শ। গত বছর যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ কোর্সে গিয়ে কথা বলেছিলেন জোনসের সঙ্গে। মিয়ানমারের পর থাইল্যান্ড, ভারত ও মালয়েশিয়ায় ৬টি টুর্নামেন্ট খেলবেন সিদ্দিকুর। এগুলো শেষ করে তাঁর দেশে ফেরার কথা ৮ এপ্রিল।