এশিয়ান ট্যুরে যাচ্ছেন সিদ্দিকুর
সদ্যই বিয়ে করেছেন। নববধূ সামাউন আঞ্জুম অরনিকে নিয়ে গলফার সিদ্দিকুর রহমান আজ বেরিয়ে পড়ছেন এশিয়ান ট্যুরে। না, হানিমুন নয়। কিন্তু এটি হানিমুনের চেয়ে কম কিছু হচ্ছে না। নববধূকে সঙ্গে নিয়ে দেশের বাইরে প্রথমে খেলবেন মে-ব্যাংক মালয়েশিয়ান ওপেনে। এটি ৫ ফেব্রুয়ারি শুরু হবে কুয়ালালামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে। এরপর থাইল্যান্ডে গিয়ে খেলবেন ১২ ফেব্রুয়ারি শুরু ক্লাসিক গলফ টুর্নামেন্টে, সবশেষে ১৯ ফেব্রুয়ারি শুরু দিল্লির হিরো ইন্ডিয়ান ওপেনে খেলে ফিরবেন দেশে।
বছরের শুরুতেই দুটি ঘরোয়া টুর্নামেন্টে শিরোপা জিতেছেন সিদ্দিকুর। এশিয়ান ট্যুরে যাওয়ার আগে এই ফল বেশ আত্মবিশ্বাসী করে তুলেছে তাঁকে, ‘দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বছর শুরু করেছি বলে আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। যে ছন্দে এখন খেলেছি, সেটা ধরে রাখতে চাই।’ গত বছর পিঠের ব্যথা বেশ ভুগিয়েছে সিদ্দিকুরকে। তবে এবার বেশ ফিট হয়েই খেলতে যাচ্ছেন, ‘আপাতত আমার কোনো সমস্যা নেই। তার পরও চিকিৎসকের রুটিন মেনে চলছি। তবে ইনজুরি না থাকলেও এ বছরও আমি বেছে বেছে টুর্নামেন্টে খেলব।’ গত বছর মাত্র ১২টি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের সেরা গলফার।