এশিয়ান বিচ গেমস করতে চায় বিওএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ক্রীড়া প্রতিযোগিতা এসএ গেমস বেশ কবার আয়োজন করেছে বাংলাদেশ। এবার আরও বড় গেমস আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আগামী ২০২০ সালের এশিয়ান বিচ গেমসের আয়োজক হতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়াকে (ওসিএ) মৌখিক প্রস্তাব দিয়েছে বিওএ।
১৭তম এশিয়ান গেমসের প্রচারণা চালাতে ওসিএর কর্মকর্তারা এখন ঢাকায়। এই সুযোগেই প্রস্তাব দেওয়া। সেটি মনে ধরেছে ওসিএর টেকনিক্যাল ডিরেক্টর ভাহিদ কারদানির, ‘কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত। সেখানে এমন একটা আসর হতেই পারে। তবে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হবে। ২০১৮ সালের এশিয়ান বিচ গেমসের ভেন্যু ঠিক হয়ে গেছে (ভারতের গোয়া)। ২০২০ গেমসের স্বাগতিক হতে আনুষ্ঠানিক আবেদন করতে পারে বাংলাদেশ।’
সেই সুযোগ নিতে চান বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ‘২০২০ এশিয়ান বিচ গেমস কক্সবাজারে আয়োজন করতে বিওএ আনুষ্ঠানিক প্রস্তাব দিতে চায়। এ জন্য অবশ্য সরকারের অনুমোদন লাগবে। আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল ও ওসিএর সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে। এ জন্যই আশাবাদী হতে পারছি। বাংলাদেশে এমন একটি আন্তর্জাতিক আসর আয়োজন করার স্বপ্ন দেখছি অনেক দিন ধরে।’