এশিয়ান যুব দাবায় সাইফ-ফাহাদ
আগামী ২৫ জুন শ্রীলঙ্কায় শুরু এশিয়ান যুব দাবায় ভালো করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে খেলবে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল সাইফ ও সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ রহমান। ২৪ জুন কলম্বো যাত্রা করবে দুই খুদে দাবাড়ু, তাদের সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। নির্বাচনে প্রতিপক্ষ থাকলেও ফেডারেশনের নতুন কমিটি নিয়াজকে ফেডারেশনে সম্পৃক্ত রাখার যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসিত হচ্ছে দাবা অঙ্গনে। অন্য গ্র্যান্ডমাস্টারদেরও সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে ফেডারেশন।দাবা ফেডারেশনের নতুন কমিটির প্রথম এই কাজ উপলক্ষে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেছে নতুন কমিটি। তবে প্রায় আধঘণ্টা পর শুরু হওয়া সংবাদ সম্মেলন ছিল অব্যবস্থাপনায় ভরা।সেখানে ছিল নয় বছর তিন মাস বয়সী শিশু ফাহাদ। তার বয়সে সেই বিশ্বের সেরা র্যাঙ্কিংধারী (১৯৯৪) খুদে খেলোয়াড়। শ্রীলঙ্কায় তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের দাবাড়ুর রেটিং ১৯১৩। ভারতীয় প্রতিপক্ষের ১৮৭৩। কদিন আগেই গ্রামীণফোন-প্রথম আলো ২০১১ সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাওয়া ফাহাদ তাই আশাবাদী, ‘আমি চ্যাম্পিয়ন হতে চাই।’ এটি প্রথম বিদেশ সফর, ভয় লাগবে কি না—এমন প্রশ্নে দিল পরিণত মানুষের মতো জবাব, ‘একটু নার্ভাস লাগবে ঠিকই। তবে এর সঙ্গে তো মানিয়ে নিতে হবে।’ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল দিয়েছেন নির্বাচনী অঙ্গীকার পালনের প্রতিশ্রুতি। এরই মধ্যে ঠিক হয়েছে মহিলা দাবা দলের সঙ্গে এখন থেকে পাঠানো হবে মহিলা ম্যানেজার। ফেডারেশনের কর্মকর্তারা বিদেশ গেলে নিজ খরচেই যাবেন। জাতীয় প্রতিযোগিতায় পারফরমেন্স দেখে খেলোয়াড়দের বৃত্তি দেওয়া হবে।